রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে টানা ব্যর্থতা, পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত নকভির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে টানা ব্যর্থতা, পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত নকভির

পাকিস্তান আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। টানা তৃতীয় আসরে শেষ চারে উঠতে না পারায় দলটির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সুপার এইট পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও প্রয়োজনীয় নেট রানরেট অর্জন করতে না পারায় গ্রুপ–২-এ তৃতীয় স্থানেই থেমে যায় তাদের অভিযান। 

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগাকে সরানোর বিষয়ে তিনি নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলেও জানা গেছে। বিশ্বকাপের আগে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী বার্তা দিলেও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন দেখা যায়নি।


বিজ্ঞাপন


বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আরও পিটিআই আরও জানায়, কয়েকজন সিনিয়র ক্রিকেটারের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারও প্রশ্নের মুখে। সম্ভাব্য তালিকায় রয়েছেন বাবর আজম, উসমান খানসহ আরও কয়েকজন। নেতৃত্বের বিকল্প হিসেবে আলোচনায় আছেন শাদব খান ও শাহীন আফ্রিদি। দুজনই সীমিত ওভারের ক্রিকেটে অভিজ্ঞ এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

এদিকে প্রধান কোচ মাইক হেসন বোর্ডকে দল পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। আধুনিক টি–টোয়েন্টির দ্রুতগতির ক্রিকেটে টিকে থাকতে তরুণ ও আক্রমণাত্মক ক্রিকেটারদের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি। তার মতে, পরিবর্তনের সঠিক সময় এখনই।

গ্রুপ পর্বে পাকিস্তান নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয়। ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়ে পরের ধাপে ওঠে দলটি। সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এরপর ইংল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে তারা। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও বড় ব্যবধানে জয় না পাওয়ায় নেট রানরেটে পিছিয়ে পড়ে বিদায় নিশ্চিত হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর