শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কাকে কত রানের মধ্যে আটকাতে হবে পাকিস্তানের?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কাকে কত রানের মধ্যে আটকাতে হবে পাকিস্তানের?

সাহিবজাদা ফারহানের অপরাজিত শতক ও ফখর জামানের ঝড়ো অর্ধশতকে ভর করে আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান। শনিবার পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রান তোলে তারা।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তবে তার সেই সিদ্ধান্ত উল্টো চাপে ফেলে দলের বোলারদের। পাকিস্তানের নতুন ওপেনিং জুটি সাহিবজাদা ফারহান ও ফখর জামান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। দুজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৭৬ রান, যেখানে দুজনই ঝড়ো অর্ধশতক করেন।


বিজ্ঞাপন


শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন দুশমান্থা চামিরা। তিনি ফখরকে বোল্ড করে ফেরান। ৪২ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮৪ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। এরপরের ওভারেই আরেকটি ধাক্কা খায় পাকিস্তান। দিলশান মাদুশাঙ্কার বলে লং–অন বাউন্ডারিতে ক্যাচ দেন খাজা নাফায়। তিনি করেন মাত্র ২ রান। তখন পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৭৯/২।

এরপর তৃতীয় উইকেটে শাদাব খানের সঙ্গে সংক্ষিপ্ত জুটি গড়েন ফারহান। দুজন মিলে যোগ করেন ২১ রান। তবে ১৮তম ওভারে রান আউট হয়ে ৫ বলে ৭ রান করে বিদায় নেন শাদাব। ইনিংসের শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। শেষের আগের ওভারে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে শূন্য রানে আউট করে রানরেট কিছুটা নিয়ন্ত্রণে আনেন শানাকা। তাতে স্কোর দাঁড়ায় ১৯৯/৫।

অন্য প্রান্তে অবশ্য ব্যাট হাতে দাপট দেখান ফারহান। ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই মাদুশাঙ্কার শিকার হয়ে ফিরলেও পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন তিনি। ৬০ বলে তার ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্কা।শেষ ওভারেই আবার আঘাত হানেন মাদুশাঙ্কা। এলবিডব্লিউ করেন শাহীন শাহ আফ্রিদিকে, ফলে শেষ দিকে পাকিস্তানের রান তোলার গতি কিছুটা থেমে যায়। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দিলশান মাদুশাঙ্কা। চার ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩ উইকেট। দাসুন শানাকা নেন ২টি এবং দুশমান্থা চামিরা শিকার করেন ১ উইকেট।

এদিকে বড় সংগ্রহের পরও স্বস্তিতে থাকতে পারছে না সালমান আঘার দল। রানরেটের মারপ্যাচে এই ম্যাচে পাকিস্তানকে শুধু জিতলেই চলবে না। নির্দিষ্ট রানের মধ্যে আটকাতে হবে লঙ্কানদের। বড় সংগ্রহের পর লঙ্কানদের ১৪৭ রানের মধ্যে আটকাতে পারলেই কেবল সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর