চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বেনফিকা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে গ্যালারির একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
ক্লাবটির কিছু সমর্থকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে। স্টেডিয়ামের আলোয় কয়েকজনকে বানরের মতো অঙ্গভঙ্গি করতে দেখা যায়, যা ফুটবলে বর্ণবাদের সঙ্গে জড়িত অবমাননাকর আচরণ হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
ঘটনার পর বেনফিকা অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তদন্ত শেষে পাঁচজন সমর্থকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ক্লাব জানিয়েছে, তাদের শৃঙ্খলা বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা স্থায়ী বহিষ্কার পর্যন্ত গড়াতে পারে।
এক বিবৃতিতে বেনফিকা জানায়, ‘বেনফিকা জানাচ্ছে যে, শাস্তিমূলক ব্যবস্থা শুরু হওয়ার পর তারা পাঁচ সদস্যের সদস্যপদ স্থগিত করেছে। ক্লাবের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়েছে যার অর্থ বহিষ্কার।’
‘১৭ ফেব্রুয়ারি বেনফিকা-রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচের পর এবং ক্লাবের মূল্যবোধ ও নীতির সাথে অসঙ্গতিপূর্ণ বর্ণবাদী প্রকৃতির অনুপযুক্ত আচরণের পর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। ক্লাব জানাচ্ছে যে, তারা কোনও ধরণের বৈষম্য বা বর্ণবাদ সহ্য করে না এবং কোনও আচরণ ক্লাবের মূল্যবোধকে ক্ষুণ্ন করলে তারা দৃঢ়ভাবে পদক্ষেপ নেবে।’
এদিকে ম্যাচ চলাকালীন আরেকটি অভিযোগ ওঠে। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র দাবি করেন, বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্তিয়ানি তার সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন। অভিযোগের পর রেফারি বর্ণবাদবিরোধী প্রোটোকল চালু করেন এবং প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে ম্যাচের লড়াইয়ের বাইরে বর্ণবাদবিরোধী অবস্থান ও শাস্তিমূলক পদক্ষেপই এখন বেশি আলোচনায়। ফুটবলে সমতা ও সম্মান বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে পর্তুগালের ক্লাবটি।

