শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ওয়াটসনের ১৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

শেয়ার করুন:

ওয়াটসনের ১৪ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ তারকা

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের দীর্ঘদিনের এক অনন্য কীর্তির পাশে এবার নিজের নাম তুলে নিলেন ইংল্যান্ডের উদীয়মান তারকা উইল জ্যাকস। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে চারবার ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ জিতে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে জ্যাকস ছিলেন ইংল্যান্ডের জয়ের মূল নায়ক। প্রথমে বল হাতে চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন দুই উইকেট, যা কিউইদের বড় সংগ্রহ গড়তে দেয়নি। পরে রান তাড়ায় নেমে ১৮ বলে অপরাজিত ৩২ রানের কার্যকর ইনিংস খেলে দলকে চার উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই।


বিজ্ঞাপন


এর আগে নেপাল, ইতালি ও শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন জ্যাকস। ফলে এক বিশ্বকাপে চারবার ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ জয়ের বিরল কীর্তি স্পর্শ করেন তিনি।

এই রেকর্ডের সূচনা হয়েছিল ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে, যখন ওয়াটসন আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচসেরা হয়ে এক আসরে চারবার পুরস্কার জয়ের নজির গড়েন।

চলতি আসরে জ্যাকসের পারফরম্যান্স পরিসংখ্যানেও দারুণ উজ্জ্বল। সাত ইনিংসে ১৯১ রান করেছেন ৬৩.৬৬ গড়ে, স্ট্রাইক রেট ১৭৬.৮৫। রয়েছে একটি অর্ধশতক। বল হাতেও কম যাননি, নিয়েছেন ৭ উইকেট; শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে ৩ উইকেট তার সেরা বোলিং।

সুপার এইটে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সামনে রয়েছে আরও দুটি ম্যাচ। ফলে জ্যাকসের সামনে সুযোগ থাকছে ওয়াটসনকে পেছনে ফেলে এককভাবে এই রেকর্ডের মালিক হওয়ার।


বিজ্ঞাপন


এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর