শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আজ কার পক্ষ নেবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

আজ কার পক্ষ নেবে পাকিস্তান

ইংল্যান্ডের কাছে হারের পর থেকেই পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণ জটিল হয়ে উঠেছিল। পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় যখন নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ৬১ রানে হারায়। ফলে এখন শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না পাকিস্তানের; তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও, সঙ্গে মিলাতে হবে নেট রান রেটের হিসাব।

চার দলের এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা বিদায় নিয়েছে আগেই। বাকি এক জায়গার জন্য লড়াই এখন নিউজিল্যান্ড ও পাকিস্তান ক্রিকেটের মধ্যে। কিউইদের সংগ্রহ ৩ পয়েন্ট, পাকিস্তানের মাত্র ১।


বিজ্ঞাপন


আজ সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচে কিউইরা জিতে গেলে পাকিস্তানের আশা সেখানেই শেষ। সে ক্ষেত্রে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি হয়ে যাবে আনুষ্ঠানিকতা মাত্র। শুধু তাই নয়, জয় পেলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও সেমিতে উঠবে নিউজিল্যান্ড।

তবে যদি ইংল্যান্ড জিতে যায়, তাহলে সুযোগ বেঁচে থাকবে পাকিস্তানের সামনে। কিন্তু তখনও কাজ সহজ হবে না। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি নেট রান রেটে এগিয়ে যেতে হবে তাদের। বর্তমানে নিউজিল্যান্ডের নেট রান রেট +৩.০৫০, আর ইংল্যান্ডের বিপক্ষে হারের পর পাকিস্তানের –০.৪৬১।

সমীকরণ কতটা জটিল, তা একটি সম্ভাব্য চিত্রেই বোঝা যায়। ধরুন, ইংল্যান্ড আগে ব্যাট করে ১৮০ রান তুলল এবং নিউজিল্যান্ডকে ৩০ রানে হারাল। সে ক্ষেত্রে পাকিস্তান যদি আগে ব্যাট করে, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৪০ রানের জয় প্রয়োজন হবে। অর্থাৎ দুই ম্যাচের ব্যবধান মিলিয়ে ৭০ রানের ভেতর রাখতে হবে হিসাব।

আবার অন্য পরিস্থিতিতে, যদি নিউজিল্যান্ড আগে ব্যাট করে ১৫০ রান করে এবং ইংল্যান্ড সেই লক্ষ্য ১৭ ওভারের মধ্যে তাড়া করে ফেলে, তাহলে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে একই ১৫০ রান ১৪.৪ ওভারের মধ্যে তুলতে হবে। তবেই নেট রান রেটে কিউইদের পেছনে ফেলতে পারবে তারা।


বিজ্ঞাপন


তবে এসব জটিল অঙ্ক নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড শিবির। কলম্বোতে অনুশীলন শেষে কিউই কোচ রব ওয়াল্টার্স আত্মবিশ্বাসী কণ্ঠেই বলেন, তাঁর দল কঠিন পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে অভ্যস্ত। ইতিহাসও নাকি সেটাই বলে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে অধিনায়ক হ্যারি ব্রুক ছাড়া আর কেউ বড় অবদান রাখতে পারেননি। পুরো টুর্নামেন্টেই ইংলিশ ব্যাটারদের পারফরম্যান্স খুব একটা ধারাবাহিক নয়। ফলে আজকের ম্যাচই নির্ধারণ করে দিতে পারে গ্রুপের ভাগ্য পাকিস্তানের স্বপ্ন টিকবে, নাকি নিউজিল্যান্ড নিশ্চিত করবে শেষ চারের টিকিট।

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর