পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন এবং দেশটির বিভিন্ন গণমাধ্যমেও দাবি করা হচ্ছে, তিনি চতুর্থবারের মতো বিয়ে করতে চলেছেন। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, এবার পাকিস্তানি অভিনেত্রী ভানিজা(বা ভানিজা/ওয়ানিজা) সাত্তারকে বিয়ে করছেন শোয়েব মালিক।
সূত্রের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, এই বিয়ের তারিখ হিসেবে ২৭ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। পাকিস্তান ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত শোয়েব মালিক বা ভানিজা সাত্তার কেউই এই খবরের সত্যতা নিশ্চিত করেননি বা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। ফলে পুরো বিষয়টি এখনও গুজবের পর্যায়েই রয়েছে।
বিজ্ঞাপন
ভানিজা সাত্তার পাকিস্তানের পরিচিত টেলিভিশন অভিনেত্রী। তিনি ‘লাডলি’ নামক জনপ্রিয় নাটকে ‘নাজো’ চরিত্রে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন। করাচিতে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী সেখানকার বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
শোয়েব মালিকের বিয়ের ইতিহাস বেশ আলোচিত। তার প্রথম বিয়ে হয়েছিল আয়েশা সিদ্দিকীর সঙ্গে ২০০২ সালে, যা পরবর্তীতে বিচ্ছেদে শেষ হয়। দ্বিতীয় বিয়ে ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে, যাদের একটি ছেলে সন্তান ইযহান। প্রায় ১৩-১৪ বছর পর ২০২৪ সালের জানুয়ারিতে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।
এরপর খুব অল্প সময়ের মধ্যেই একই বছরে তৃতীয় বিয়ে করেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। লাহোরে অনুষ্ঠিত সেই ছোট পরিসরের নিকাহের ছবি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
শোয়েবের ব্যক্তিগত জীবন নিয়ে এমন গুঞ্জন নতুন নয়, কিন্তু এবারের খবর যদি সত্যি হয় তাহলে এটি তার চতুর্থ বিয়ে হবে। তবে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না আসা পর্যন্ত এসব কেবলই অনুমান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা।
বিজ্ঞাপন
এসটি

