শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘ভারত বিশ্বকাপ না জিতলে গম্ভীরকে সরে যেতে হবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

‘ভারত বিশ্বকাপ না জিতলে গম্ভীরকে সরে যেতে হবে’

টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬ এ রবিবার সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি কার্যত নকআউট- যে দল জিতবে তারা উঠবে সেমিফাইনালে, আর হারলেই শেষ হয়ে যাবে টুর্নামেন্টের যাত্রা।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন। তার মতে, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত যদি শিরোপা জিততে না পারে, তবে গম্ভীরের কোচের পদ টিকে নাও থাকতে পারে। ২০২৪ সালে বার্বাডোজে শিরোপা জিতে বর্তমান আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসেছে ভারত।


বিজ্ঞাপন


‘তাকস্পোর্ট ক্রিকেট’ ইউটিউব চ্যানেলে হার্মিসন বলেন, “গম্ভীরকে অনেকের কাছে পছন্দ করা কঠিন, আর এটা তার জন্য সুবিধাজনক নয়। তার স্বভাব বেশ তীক্ষ্ণ। ড্রেসিংরুমে তিনি ঠিক কেমন, সেটা নিয়েও আমি নিশ্চিত নই। ভারতের কোচ হিসেবে খুব বেশি অহং না থাকলে সফল হওয়ার সুযোগ থাকে। তিনি যদি এই বিশ্বকাপ জিততে না পারেন, তাহলে হয়তো তাকে সরে যেতে হবে।”

তবে কোচ হিসেবে গম্ভীরের কিছু সিদ্ধান্তের প্রশংসাও করেছেন হার্মিসন। তিনি বলেন, গম্ভীর তার কোচিং স্টাফ বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের বিশ্বাসকেই প্রাধান্য দিয়েছেন। হার্মিসনের ভাষায়, “তিনি কোচিংয়ে ভারতের বড় বড় নামদের সঙ্গে যাননি। বরং মরনে মরকেল ও রায়ান টেন ডেসকাটের মতো কোচদের সঙ্গে কাজ করছেন, যাদের তিনি নিজের ভাবনার সঙ্গে সবচেয়ে উপযোগী মনে করেন। নিজের পছন্দের মানুষদের প্রতি তার যে আনুগত্য, সেটা আমি শ্রদ্ধা করি।”

তবে একজন ভালো কোচের যে আত্মসমালোচনার ক্ষমতা থাকা দরকার, সেই জায়গায় গম্ভীরকে কিছুটা দুর্বল বলেও মনে করেন সাবেক এই ইংলিশ পেসার। তিনি বলেন, “একজন ভালো কোচ ভুল স্বীকার করতে পারে এবং সেটা ঠিক করার চেষ্টা করে। সে নিজের দিকে তাকিয়ে বলতে পারে- এই পথটা কাজ করছে না, আমাকে পরিবর্তন আনতে হবে। আমার মনে হয়, এই জায়গাটিতে গম্ভীর খুব শক্তিশালী নন।”

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে সুপার এইটে উঠেছিল ভারত। তবে দ্বিতীয় পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে কিছুটা চাপে পড়ে দলটি। পরে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখে। বর্তমানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ- দুই দলেরই পয়েন্ট ২। ফলে রবিবারের ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল, যেখানে জয়ী দলই গ্রুপ–১ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর