শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সুতোয় ঝুলছে পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

সুতোয় ঝুলছে পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে শুক্রবারই। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ওই ম্যাচের ফলের ওপরই এখন পুরোপুরি নির্ভর করছে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের ভাগ্য।

সুপার এইট পর্বের গ্রুপ ২–এ পাকিস্তান এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। অন্যদিকে ইংল্যান্ড ইতিমধ্যে টানা দুই জয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


বর্তমানে গ্রুপ ২–এর পয়েন্ট তালিকা এমন- 

১. ইংল্যান্ড: ৪ পয়েন্ট, ২ ম্যাচ, নেট রান রেট +১.৪৯১
২. নিউজিল্যান্ড: ৩ পয়েন্ট, ২ ম্যাচ, নেট রান রেট +৩.০৫০
৩. পাকিস্তান: ১ পয়েন্ট, ২ ম্যাচ, নেট রান রেট -০.৪৬১
৪. শ্রীলঙ্কা: ০ পয়েন্ট, ২ ম্যাচ, নেট রান রেট -২.৮০০

পাকিস্তানের সুপার এইটে বাকি আছে আর একটি ম্যাচ- শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে।

সম্ভাব্য সমীকরণ


বিজ্ঞাপন


প্রথম পরিস্থিতি
শুক্রবার ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারায়, তবে (যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারে) পাকিস্তান ও নিউজিল্যান্ড- দুই দলই শেষ করবে ৩ পয়েন্ট নিয়ে। সে ক্ষেত্রে সেমিফাইনালে যাবে যে দলের নেট রান রেট (এনআরআর) বেশি থাকবে। তাই পাকিস্তান চাইবে নিউজিল্যান্ড বড় ব্যবধানে হারুক এবং নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে এগিয়ে যাক। তবেই কিউইদের পেছনে ফেলা সম্ভব।

দ্বিতীয় পরিস্থিতি
নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারায়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ম্যাচ খেলার আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। কারণ জিতলেও তারা কিউইদের সমান পয়েন্টে পৌঁছাতে পারবে না। আবার ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও একই পরিণতি হবে পাকিস্তানের। সে ক্ষেত্রে শেষ ম্যাচ জিতলেও লাভ হবে না।

শুক্রবারের ম্যাচটি অবশ্য বেশি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের জন্য। সেমিফাইনাল নিশ্চিত করতে তাদের শুধু বড় ব্যবধানে হার এড়ালেই চলবে। শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের বড় জয়ে নিউজিল্যান্ডের নেট রান রেট বেড়ে হয়েছে +৩.০৫০, যা তাদের অবস্থান শক্ত করেছে। এই ম্যাচে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ডের স্পিন আক্রমণ বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে। অন্যদিকে আগ্রাসী হ্যারি ব্রুককে কেন্দ্র করে গড়া ইংল্যান্ডের ব্যাটিংও রয়েছে ছন্দে। সব মিলিয়ে সুপার এইটের এই লড়াইয়ে নির্ধারিত হতে পারে গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর