বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বাঁচা-মরার ম্যাচের আগে মাঠে রাসায়নিক স্প্রে করছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

বাঁচা-মরার ম্যাচের আগে মাঠে রাসায়নিক ব্যবহার করছে ভারত

ভারত–জিম্বাবুয়ে ম্যাচে সন্ধ্যার শিশিরের প্রভাব ঠেকাতে নতুন এক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে আনা ‘ডিউ কিউর’ নামের এই উপাদানটি ব্যবহার করা হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। শহরে গত কয়েক দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সন্ধ্যার শিশির ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে- এমন আশঙ্কা তৈরি হয়েছিল। ভারতের জন্য ম্যাচটি ‘জিততেই হবে’ পরিস্থিতির হওয়ায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তবে বৃহস্পতিবার সেই দুশ্চিন্তা হয়তো থাকছে না। আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে চেপকের আউটফিল্ড নতুন করে বসানোর সময় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এই রাসায়নিক আমদানি করে। মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতেও এটি নিয়মিত ব্যবহার করা হয়।


বিজ্ঞাপন


ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার বিকেলে গ্রাউন্ডসম্যানরা পানির সঙ্গে মিশিয়ে ডিউ কিউর স্প্রে করেছেন আউটফিল্ডে। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলেও এটি স্প্রে করা হবে, যাতে ম্যাচ শুরুর সময় পর্যন্ত পূর্ণ কার্যকারিতা পাওয়া যায়।

প্রক্রিয়াটি সম্পর্কে জানা একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, একবার ডিউ কিউর স্প্রে করলে ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না। ভেজা হলেই তা শোষিত হয় এবং ঘাস দ্রুত শুকিয়ে যায়।

বুধবার ভারতের দীর্ঘ অনুশীলন সেশনের পর খেলোয়াড়েরা কিছু সময় অতিরিক্ত মাঠে অবস্থান করেন, শিশিরের প্রভাব বোঝার জন্য। জানা গেছে, কন্ডিশন দেখে তারা সন্তুষ্ট হয়েছেন এবং বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন।

আগামী দিনে সেমিফাইনাল ও ফাইনালেও ডিউ কিউর ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে আগামী মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সব ভেন্যুতে এটি বাধ্যতামূলক করার বিষয়েও ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। কারণ সাম্প্রতিক সময়ে ম্যাচের ফল নির্ধারণে শিশির বড় প্রভাবক হয়ে উঠেছে, বিশেষ করে টসের পর কৌশল নির্ধারণে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর