উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে বেনফিকাকে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে শেষ ষোলোয় উঠেছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের ভাগ্য গড়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের দুর্দান্ত গোলই শেষ পর্যন্ত দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। প্রথম লেগে তাকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ঘিরে বিতর্ক হয়েছিল, যদিও বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি সেই অভিযোগ অস্বীকার করেন।
প্লে–অফ পর্বের এই লড়াইয়ে এখনো টিকে ছিল বেনফিকা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই রাফা সিলভার গোলে এগিয়েও যায় তারা। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি রিয়াল। অরেলিয়েন চুয়ামেনি দ্রুতই সমতা ফেরান। পুরো ম্যাচজুড়ে ১৫ বার ইউরোপ সেরা হওয়া রিয়ালকে কঠিন পরীক্ষায় ফেলেছিল বেনফিকা। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ভিনিসিয়ুসই ৮০ মিনিটে গোল করে ম্যাচের নিষ্পত্তি করেন।
বিজ্ঞাপন
২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন হোসে মোরিনিও। সেই সময়ের পর এই প্রথম বার্নাব্যুতে ফিরলেন পর্তুগিজ কোচ। তবে নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে দাঁড়িয়ে দলকে নির্দেশনা দিতে পারেননি তিনি।
প্রথম লেগের ঘটনার রেশ কাটেনি পুরোপুরি। এমবাপে চোটে না থাকায় ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণে খেলেন গনসালো গার্সিয়া। অন্যদিকে প্রেস্টিয়ান্নির এক ম্যাচের প্রাথমিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল খারিজ হওয়ায় তাকে ছাড়াই নামে বেনফিকা। ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চালাচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা (ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন)।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে ‘বর্ণবাদের বিরুদ্ধে’ লেখা বড় ব্যানার টাঙানো হয়। লিসবনে প্রথম লেগে যা ঘটেছিল, তার ছায়া ছিল পুরো ম্যাচজুড়ে। ভিনিসিয়ুস বল পেলেই গ্যালারির একাংশ থেকে দুয়ো শোনা যায়। শুরুর দিকে একটি আক্রমণে নিকোলাস ওতামেন্দির সঙ্গে সংঘর্ষের পর পেনাল্টির আবেদন করেছিলেন তিনি, তবে রেফারি তাতে সাড়া দেননি।
১৪তম মিনিটে এগিয়ে যায় বেনফিকা। রিয়ালের ডিফেন্ডার রাউল আসেনসিওর ভুল ক্লিয়ারেন্সে বল নিজেদের জালের দিকেই যায়। গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রথমে ঠেকালেও ফিরতি বলে কাছ থেকে জালে জড়ান রাফা সিলভা। গোল খাওয়ার দুই মিনিটের মধ্যেই সমতা ফেরায় রিয়াল। ফেদেরিকো ভালভার্দের ক্রস থেকে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন চুয়ামেনি।
বিজ্ঞাপন
এরপর আর্দা গুলার একবার জালে বল পাঠালেও ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) যাচাইয়ে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। বিরতির আগে রিচার্ড রিওসের শট দারুণভাবে ঠেকান কোর্তোয়া। এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই সিলভার একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। মাঝপথে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন আসেনসিও, যা রিয়ালের জন্য ছিল ধাক্কা।
তবে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নেন ভিনিসিয়ুস। ভালভার্দের পাস ধরে গোলরক্ষক আনাতোলি ত্রুবিনকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে নাচের ভঙ্গিতে উদ্যাপন করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবার অবশ্য তার সামনে ছিল উচ্ছ্বসিত সমর্থকদের উল্লাস। সেই গোলেই নিশ্চিত হয় রিয়ালের শেষ ষোলোয় ওঠা।

