বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

সেই কেলেঙ্কারির পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

সেই কেলেঙ্কারির পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

২০১৮ সালের ‘স্যান্ডপেপার কাণ্ডে’ বল টেম্পারিং বিতর্কের পর প্রথমবারের মতো কেপটাউনে টেস্ট খেলতে ফিরছে অস্ট্রেলিয়া। আগামী ২৭ অক্টোবর থেকে তিন ম্যাচের সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

বিতর্কিত সেই ঘটনার পর অস্ট্রেলিয়া সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সফর করলেও টেস্ট সিরিজ খেলতে আর যায়নি। কেপটাউনের নিউল্যান্ডসে ঘটে যাওয়া সেই কাণ্ডের জেরে দীর্ঘ নিষেধাজ্ঞা পেয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।


বিজ্ঞাপন


ওয়ার্নার ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ব্যানক্রফট ছয় বছরের বেশি সময় ধরে টেস্ট দলে নেই। তবে শীর্ষ সারির ব্যাটসম্যান স্মিথ এখনো অস্ট্রেলিয়ার টেস্ট দলে গুরুত্বপূর্ণ সদস্য।

২০১৮ সালে নিউল্যান্ডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে ব্যানক্রফট বল ঘষতে স্যান্ডপেপার ব্যবহার করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত শুরু করে। সে সময় দলের অধিনায়ক ছিলেন স্মিথ।

পরবর্তীতে স্মিথকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং দুই বছরের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব পালনে নিষিদ্ধ করা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে ওয়ার্নারকে বল টেম্পারিংয়ের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। তাকে নেতৃত্বের দায়িত্ব থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল, যদিও ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

সেই সিরিজে নিউল্যান্ডস টেস্টে দক্ষিণ আফ্রিকা ৩২২ রানে জয় পায় এবং সিরিজ জেতে ৩–১ ব্যবধানে। আসন্ন সফরে টেস্ট সিরিজ শুরুর আগে সেপ্টেম্বরে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলবে দুই দল। টেস্ট সিরিজ শুরু হবে ৯ অক্টোবর ডারবানে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর কেবেরহায়। আর শেষ টেস্টটি হবে ২৭ অক্টোবর কেপটাউনে, যা বিশেষভাবে আলোচনায় রয়েছে ২০১৮ সালের ঘটনার কারণে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর