গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠা জিম্বাবুয়ে আজ মুম্বাইয়ে সুপার এইটসের গ্রুপ–১ ম্যাচে মুখোমুখি হবে আরেক অপরাজিত দল ওয়েস্ট ইন্ডিজের।
২০২৪ আসরে খেলতেই না পারা জিম্বাবুয়ে এবার প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে থেকে চমক দেখিয়েছে। অধিনায়ক সিকান্দার রাজার অনুপ্রেরণামূলক নেতৃত্বে দলটি ইতিমধ্যেই প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এখন তাদের লক্ষ্য ক্যারিবীয়দের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখা।
বিজ্ঞাপন
ওয়েস্ট ইন্ডিজও গ্রুপ পর্বে ছিল দাপুটে। চার ম্যাচেই জয়, যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানের জয় উল্লেখযোগ্য। ম্যাচের আগে ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। বিশেষ করে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে তিনি ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে আখ্যা দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে ১৭ রান দিয়ে জিম্বাবুয়ের জয়ে বড় ভূমিকা ছিল মুজারাবানির।
স্যামি বলেন, “আমরা প্রতিটি খেলোয়াড়কে মাথায় রেখে পরিকল্পনা করি। শুধু তাকে নয়। সে অবশ্যই এক্স-ফ্যাক্টর। আমরা জানি তারা কী ধরনের হুমকি হতে পারে, তবে এটাও জানি কীভাবে তাকে নিরস্ত করতে হবে।”
গ্রুপ–১ এ ভারত ও দক্ষিণ আফ্রিকাও রয়েছে, যারা নিজেদের গ্রুপে শীর্ষে থেকে সুপার এইটে উঠেছে। টুর্নামেন্ট শুরুর আগেই সূচি নির্ধারণ করে চার গ্রুপ চ্যাম্পিয়নকে একই গ্রুপে রাখা হয়েছিল, আর রানার্সআপদের রাখা হয় গ্রুপ–২ এ।
এই বিন্যাস নিয়ে সমালোচনাও হয়েছে, কারণ চার গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে দুই দল নিশ্চিতভাবেই সেমিফাইনালে উঠতে পারবে না। তবে স্যামি এই কাঠামোর পক্ষে কথা বলেছেন। তার মতে, দর্শকদের ভ্রমণ ও আয়োজন সংক্রান্ত পরিকল্পনার কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে, মুম্বাইয়ের ম্যাচটি শুধু দুই অপরাজিত দলের লড়াই নয়- এটি সুপার এইটসের গ্রুপ–১ এ শক্তির ভারসাম্য নির্ধারণেও বড় ভূমিকা রাখবে।




