দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বৈষম্যের অভিযোগে এবার নড়েচড়ে বসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আটটি ফ্র্যাঞ্চাইজির কাছে চিঠি পাঠিয়ে বোর্ড জানিয়ে দিয়েছে- খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না।
সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়, আসন্ন দ্য হান্ড্রেড নিলামে ভারতীয় মালিকানাধীন চারটি দল পাকিস্তানের ক্রিকেটারদের তালিকায় রাখছে না। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে পাকিস্তানি ক্রিকেটাররা যেমন আইপিএলে খেলতে পারেন না, সেই প্রভাবই নাকি পড়েছে এই দলগুলোর সিদ্ধান্তে।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের আটটি দলের মধ্যে চারটি, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস- এখন আংশিকভাবে আইপিএল দলগুলোর মালিকানাধীন কোম্পানির অধীন। বার্মিংহাম ফিনিক্স, লন্ডন স্পিরিট, ট্রেন্ট রকেটস এবং ওয়েলশ ফায়ারের মালিকানা- এই চার দলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা নেই।
এ বিষয়ে বোর্ডের প্রধান নির্বাহী আগেই স্পষ্ট করেছিলেন- দ্য হান্ড্রেডে সব দেশের খেলোয়াড়ের জন্য সুযোগ সমান। কোনো দল যদি ইচ্ছাকৃতভাবে কাউকে বাদ দেয়, তাহলে তা বৈষম্য হিসেবে ধরা হবে।
যদিও বোর্ডের হাতে এখন আর পুরো ক্ষমতা নেই। গত বছর দলগুলোর অংশীদারিত্ব বিক্রি হলেও টুর্নামেন্টের তদারকি এখনো বোর্ডই করে। তবে তারা সরাসরি কোনো দলকে নির্দিষ্ট খেলোয়াড় নিতে বাধ্য করতে পারে না। অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার তদন্তের আওতায় যেতে পারে এবং শাস্তির ব্যবস্থাও নেওয়া হতে পারে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত আসরে দুই পাকিস্তানি ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলেছিলেন। নতুন বিনিয়োগকারীরা দায়িত্ব নেওয়ার আগের সেটিই ছিল শেষ আসর।
এবারের নিলামের জন্য প্রায় এক হাজার ক্রিকেটার নাম লিখিয়েছেন, যার মধ্যে ষাটের বেশি পাকিস্তানি। আগামী ১১ ও ১২ মার্চ নিলাম হবে। তার আগে দলগুলো আগ্রহী খেলোয়াড়দের তালিকা জমা দেবে, সেখান থেকে চূড়ান্ত তালিকা ছোট করে আনা হবে।




