শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, কথাবার্তা বুঝে বলা উচিত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

‘বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, কথাবার্তা বুঝে বলা উচিত’

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। সংবাদ সম্মেলনের মাঝেই তিনি বিসিবির সিইওকে ফোন করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।

এই ঘটনাকে বিসিবির পরিচালক আসিফ আকবর একটি টেলিভিশন অনুষ্ঠানে ভারতীয় সিনেমার জনপ্রিয় চরিত্র ‘ফাটাকেষ্ট’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের অধীনে যারা (গণমাধ্যমকর্মী) আছেন, তারা তো (স্টেডিয়ামে) আসবেনই। আমরা পোর্টফলিও চেক করি, কারা গুজব ছড়ায় না, কারা ফালতু কাজ করে না। তাদের ডেকে এনে আমরা বসব (পরিকল্পনা ছিল)। এই সময়ের আগে আবার ফারুক ভাইয়ের আঙুলের (বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের আঙুল উঁচিয়ে ধরা ছবি ছড়িয়ে পড়ে) ঘটনাটা ঘটল। ক্রীড়া প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গে এসে ফাটাকেষ্ট’র মতো একটা অর্ডার দিয়ে দিলেন। সবকিছু মিলিয়ে ব্যাপারটা লেজেগোবরে হয়ে গেছে।’

আসিফ আকবরের এই মন্তব্যে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই অসন্তুষ্ট হয়েছেন। বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা গণমাধ্যমকে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে বলা হয়েছে কি না তা বলতে পারব না। তবে দায়িত্বশীল জায়গা থেকে কথাবার্তা বুঝেশুনে বলা উচিত। বিসিবির মতো সংস্থার মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। কথা বের হয়ে গেলে তো গেলই। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য অবশ্যই অপ্রত্যাশিত। আগেও বিসিবি পরিচালকদের কাছ থেকে বেফাঁস মন্তব্য শুনেছি। অনুরোধ করব তারা এসব থেকে বিরত থাকুন।’

ফাহিম আরও বলেন, ‘এটা বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে বিরল ঘটনা। কোনো সভ্য দেশের স্পোর্টস ইতিহাসে এমন হয়েছে কি না আমার জানা নেই। এটা হওয়ার কথা না, হওয়া উচিতও না। একেবারেই অপ্রত্যাশিত।’ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর