যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে সরব ছিলেন। তিনি দাবি করেছিলেন, সরকারের হস্তক্ষেপের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে দায়িত্বে আসার পর এখন পর্যন্ত বিসিবি নিয়ে প্রকাশ্যে কোনো উদ্যোগ বা মন্তব্য করেননি তিনি।
এ বিষয়ে বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম বলেছেন, দায়িত্ব নেওয়ার আগে ও পরে বক্তব্যে পার্থক্য থাকতেই পারে। তার বিশ্বাস, প্রতিমন্ত্রী এখন দায়িত্বশীল অবস্থান থেকেই সবকিছু দেখভাল করবেন।
বিজ্ঞাপন
গণমাধ্যমকে নাজমুল বলেন, ‘আমার মনে হয় উনি (আমিনুল) আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। কারণ সরকারে থাকার আগে এবং পরের কথায় ভিন্নতা থাকে। আগে হয়তো যেভাবে বলেছেন এখন সেভাবে বলছেন না। এই বিষয়ে আমার বলার কিছু নেই। দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বললে ভালো হয়।’
সরকার পরিবর্তনের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের আভাস দেখা গেলেও বিসিবিতে তেমন কোনো পরিবর্তন হয়নি বলে জানান নাজমুল। তার ভাষ্য, ‘আগে যেভাবে কাজ করছিলাম, এখনও সেভাবেই কাজ করছি। আমরা একটা নির্বাচিত বোর্ড, যে সরকার এসেছে সেটাও নির্বাচিত। সবাই সবার নর্মস (নিয়ম) অনুযায়ী চলে। আমরাও আমাদের নিয়ম অনুযায়ী চলব। সরকার বিবেচনা করবে কীভাবে কী চলবে। আমরা এখনও সেভাবেই কাজ করছি।’
যদিও বর্তমান বোর্ড নিজেদের নির্বাচিত প্রতিনিধি দাবি করছে, তবু নির্বাচন নিয়ে বিতর্ক পুরোপুরি শেষ হয়নি। নির্বাচন থেকে সরে যাওয়া কয়েকজন ক্রীড়া সংগঠক নাকি আবার সংগঠিত হচ্ছেন এবং বর্তমান বোর্ডের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন নাজমুল। তিনি বলেন,‘যারা বলছে তারা বলছে। তাদের কথা তো আটকে রাখতে পারব না। মামলা নিয়ে আমাদের কোনো ধরনের মন্তব্য নেই। কোর্টের কিছু থাকলে তা নিয়ে কথা বলা সাবজুডিস (বিচারাধীন), আমি এ ব্যাপারে কথা বলতে রাজি না।’
বিজ্ঞাপন
এসটি




