বয়স শুধু একটা সংখ্যা, এ কথা আবারও প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছরে পা দিয়েও তার গোল করার ক্ষুধা একটুও কমেনি। বরং মাঠে নামলেই যেন গোল করাটা তার অভ্যাসে পরিণত হয়েছে।
সৌদি প্রো লিগের ম্যাচে আল হাজেমকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসের। রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের প্রধান নায়ক ছিলেন রোনালদো। ম্যাচে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন তিনি।
বিজ্ঞাপন
এই দুই গোলের মধ্য দিয়ে রোনালদো আরেকটি অনন্য কীর্তি গড়েছেন। ৩০ বছর বয়স পার করার পর ক্লাব ও দেশের হয়ে মিলিয়ে ৫০০ গোল পূর্ণ করেছেন এই পর্তুগিজ তারকা। বিশ্ব ফুটবলে এখন পর্যন্ত আর কোনো খেলোয়াড় এই বয়সের পর এত গোল করতে পারেননি।
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসের। প্রথমার্ধে এগিয়ে দেন রোনালদো। পরে ব্যবধান বাড়ান কিংসলে কোমান। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন রোনালদো।
এই জয়ের ফলে ২২ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসের। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আল হিলাল। ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল আহলি। অন্যদিকে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে রয়েছে আল হাজেম।




