শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাতৃভাষা দিবসে সাকিব-তামিম-লিটনদের বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

মাতৃভাষা দিবসে সাকিব-তামিম-লিটনদের বার্তা

আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমেছিলেন ছাত্র-জনতা। বুলেটের মুখে বুক চিতিয়ে প্রাণ দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউলসহ অসংখ্য শহীদ। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা গর্ব করে বলতে পারি ‘আমার ভাষা বাংলা’।

এই অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশের প্রতিটি স্তরের মানুষের মতো ব্যতিক্রম নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন


জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই আজ আমরা গর্ব করে বলি, আমার ভাষা বাংলা– যে ভাষায় প্রথম স্বপ্ন দেখেছি, যে ভাষায় দেশকে ভালোবাসতে শিখেছি, সেই বাংলার জন্য প্রাণ দিয়েছেন ভাষা শহীদরা। মাঠে দেশের জার্সি গায়ে নামলে তাদের সেই ত্যাগই আমাদের শক্তি দেয়। যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।’
  
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘ভাষার জন্য আত্মত্যাগ আমাদের প্রেরণা। ভাষার জন্য লড়াই করা সকলের প্রতি কৃতজ্ঞতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।’

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অল্প কথায় লিখেছেন, “সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ………”

বিশ্বসেরা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাষা আন্দোলনের প্রতীকী ছবি পোস্ট করে লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

সৌম্য সরকার বলেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’


বিজ্ঞাপন


তামিম ইকবাল একটি ছবি সংযুক্ত করে লিখেছেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’

তাওহীদ হৃদয় লিখেছেন, “একটি জাতির আত্মপরিচয় তার ভাষার মাঝে, আর বাংলা ভাষা আমাদের গর্বের প্রতীক।”

পেসার তাসকিন আহমেদ কবিতার আদলে লিখেছেন, “২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।”

মাহমুদউল্লাহ লিখেছেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ কখনও ভোলার নয়। বিনম্র শ্রদ্ধা।”

শরীফুল ইসলাম বলেছেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর