শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফিনালিসিমার আগে আর্জেন্টিনার চোটের মিছিলে এবার মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

ফিনালিসিমার আগে আর্জেন্টিনার চোটের মিছিলে এবার মার্টিনেজ

দীর্ঘদিন ধরে ব্যস্ত সূচির মধ্যে দাঁড়িয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মাথায় এখন চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। একের পর এক তারকা খেলোয়াড়ের চোটের খবরে দলের ফিটনেস নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে আলবিসেলেস্তেরা।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে লাউতারো মার্টিনেজের চোটে। ইন্টার মিলানের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড চ্যাম্পিয়নস লিগে বোডো/গ্লিমটের বিপক্ষে ম্যাচে চোট পান। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছাড়ার পর মেডিক্যাল পরীক্ষায় ধরা পড়েছে তার বাঁ পায়ের সোলিয়াস মাংসপেশিতে টান। ইন্টার মিলানের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তার অবস্থা আবার মূল্যায়ন করা হবে।


বিজ্ঞাপন


বিভিন্ন ইতালীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই চোটে লাউতারোকে অন্তত ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে ৮ মার্চের এসি মিলানের বিপক্ষে মিলান ডার্বিতে তার খেলা প্রায় অসম্ভব। ইন্টারের জন্য এটা বড় ক্ষতি, কারণ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। সিরি আ-তে ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টারকে এখন লিসে, জেনোয়া, বোডো/গ্লিমটের রিটার্ন লেগ ও কোপা ইতালিয়ায় কোমোর বিপক্ষে ম্যাচগুলো তার ছাড়াই খেলতে হবে।

আর্জেন্টিনার জন্যও এটা মাথাব্যথার কারণ। আগামী ২৮ মার্চ কাতারে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যেখানে শিরোপা নির্ধারণী এই ম্যাচে দলের প্রধান আক্রমণভাগের খেলোয়াড় ছাড়া থাকা বড় ঝুঁকি।

এর আগেই চোটে পড়েছেন অন্য দুই তারকা। ডিফেন্ডার হুয়ান ফয়েথের বাঁ গোড়ালির লিগামেন্ট চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার সম্ভাবনা। আর নিকোলাস গঞ্জালেস মাংসপেশিতে টানের কারণে প্রায় তিন সপ্তাহ ছিটকে গেছেন। এছাড়া অধিনায়ক লিওনেল মেসিও পুরোপুরি ফিট নন, তার ফিটনেস নিয়েও শঙ্কা রয়েছে।

এই একের পর এক চোটের ধাক্কায় স্কালোনির সামনে এখন বড় পরীক্ষা। কীভাবে দলকে সাজাবেন, কাদের দিয়ে পূরণ করবেন ফাঁকা জায়গা? ফিনালিসিমার আগে আর্জেন্টিনার ক্যাম্পে চিন্তা আর উদ্বেগের মেঘ ঘনিয়ে উঠেছে।


বিজ্ঞাপন


এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর