দিনকয়েক আগে লিওনেল মেসির চোটের খবরে চিন্তায় পড়েছিলেন ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনা দলের সমর্থকরা। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইকুয়েডরের বার্সেলোনা এসসির বিপক্ষে খেলতে গিয়ে তার বাম উরুর হ্যামস্ট্রিংয়ে মাংসপেশিতে টান পড়ে। এরপর কয়েকদিন তিনি দলীয় অনুশীলন থেকে দূরে ছিলেন।
প্রথমে ধারণা করা হয়েছিল, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। এতে সামনের এমএলএস মৌসুম শুরু এবং ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছিল।
বিজ্ঞাপন
কিন্তু সুখবর, স্প্যানিশ দৈনিক মার্কাসহ বিভিন্ন সূত্র জানিয়েছে, মেসি আগের চেয়ে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন। ১৮ ফেব্রুয়ারি থেকেই তিনি দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনে তাকে বেশ ফিট ও স্বাভাবিক দেখাচ্ছিল।
ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন যে, মেসি এখন দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করছেন এবং ভালো অনুভব করছেন। আজ (২১ ফেব্রুয়ারি) এমএলএস মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে তার খেলা নিয়ে ইতিবাচক সংকেত মিলেছে। কোচ বলেছেন, মেসি সপ্তাহভর দলের সঙ্গে একই লেভেলে অনুশীলন করেছেন এবং খেলার জন্য প্রস্তুত।
এসটি




