রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটালেন কোচ সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটালেন কোচ সালাউদ্দিন

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক উঠেছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের নয়, বরং ক্রিকেটার ও বিসিবি নিজেরাই নিয়েছে। তিনি বলেন, খেলোয়াড়রা আত্মত্যাগ করে এই সিদ্ধান্ত নিয়েছে। ‘আমাদের (অন্তর্বর্তী সরকারের) কী সিদ্ধান্ত! সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা আত্মত্যাগ করে...।’


বিজ্ঞাপন


এই কথাকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কোচ সালাউদ্দিন। আজ (শুক্রবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, ‘উনি একেবারে এমন মিথ্যা কথা বলছেন! আমি নিজেও শিক্ষক মানুষ, শিক্ষকরাতো মিথ্যা কথা একটু কম বলে। উনি খাড়ার উপর এভাবে মিথ্যা বলবেন, আমি ভাবতেও পারছি না! আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাব।’

সালাউদ্দিন আরও বলেন, ‘উনি (আসিফ নজরুল) এভাবে ইউটার্ন নেবেন! উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের মানুষ। উনি এভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা মানতে পারছি না। উনি কী বলে আসলো, আর এসে কী ইউটার্নটা নিলো!’

সালাউদ্দিনের মতে, বিশ্বকাপ একজন ক্রিকেটারের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। অনেকে বছরের পর বছর প্রস্তুতি নেয় এই মঞ্চে নিজেকে প্রমাণ করার জন্য। কিন্তু এবার সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তিনি বলেন, ‘দুইজন খেলোয়াড় মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে পাঁচদিন ধরে কোমার মতো অবস্থায় ছিল। আমরা তাদের মাঠে ফেরানোর চেষ্টা করছি, টুর্নামেন্ট আয়োজন করে মোটিভেট করছি। এটাই আমার কোচিংয়ের সবচেয়ে বড় সাফল্য মনে হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ক্রিকেটারদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়া, সহানুভূতি দেখানো- এসব অনেক ক্ষতি কমাতে পারত। কিন্তু দায়িত্বশীলদের পক্ষ থেকে সেটা যথেষ্ট হয়নি। এখন এই মিথ্যা অভিযোগে ক্রিকেটারদের মনে আরও আঘাত লেগেছে।


বিজ্ঞাপন


এদিকে চলমান বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দল চমক দেখাচ্ছে, ভারত-শ্রীলঙ্কার উইকেটও ব্যাটিংবান্ধব। সালাউদ্দিন বলেন, ‘এমন উইকেটে আমরা ভালো করতে পারতাম। খেলার মান দেখে মনে হচ্ছে সুযোগ ছিল অনেক। অধিনায়ক লিটনের প্রথম বিশ্বকাপ ছিল এটা। এক বছর ধরে প্রস্তুতি নেওয়া খেলোয়াড়ের জন্য এটা কতটা বেদনাদায়ক, সেটা সে-ই ভালো জানে।’

তিনি আশা করেন, আগামী ওয়ানডে বিশ্বকাপে টাইগাররা এই কষ্ট ভুলে নতুন করে ঘুরে দাঁড়াবে। ক্রিকেটারদের মানসিক শক্তি ফিরে পাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর