শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মুস্তাফিজের পর এবার আরেক পেসারকে হারাচ্ছে কলকাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

মুস্তাফিজের পর এবার আরেক পেসারকে হারাচ্ছে কলকাতা

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রাজনৈতিক ইস্যুর কারণে আগেই দল ছাড়তে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এবার ইনজুরিতে পড়লেন দলের অন্যতম ভরসা লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র এক ওভার বল করার পরই মাঠে লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী এই পেসার। পরে ফিজিওর সহায়তায় মাঠ ছাড়তে হয় তাকে। জানা গেছে, ‘বেবি মালিঙ্গা’ খ্যাত পাথিরানা হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

আইপিএল ২০২৬-এর নিলামে ১৮ কোটি রুপিতে পাথিরানাকে দলে নেয় কেকেআর। ২০২৪ মৌসুমে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি, নেন ১৯ উইকেট। গত মৌসুমেও তার ঝুলিতে ছিল ১৫ উইকেট। ফলে তার চোট দলটির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে হাঁটুর অস্ত্রোপচার করানো হর্ষিত রানাও পুরো আসরে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে মুস্তাফিজসহ তিন পেসারকে হারিয়ে কেকেআরের পেস আক্রমণ বেশ দুর্বল হয়ে পড়েছে। 

দলের অন্য পেসার বৈভব অরোরা ও কার্তিক ত্যাগি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত নন। আর উমরান মালিক চোটপ্রবণ হওয়ায় তাকেও পুরোপুরি ভরসা করা কঠিন। আগামী মার্চে আইপিএলের নতুন আসর শুরু হওয়ার কথা। শক্তিশালী পেস আক্রমণ ছাড়া ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের সুবিধা কতটা নিতে পারবে কেকেআর, সেটাই এখন বড় প্রশ্ন।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর