ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠের ভেতরের ক্রিকেটের মত মাঠের বাইরের অনেক কিছুও আলোচনায় থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের ম্যাচ সামনে রেখে অনেক কিছু নিয়েই আলোচনা ছিল। এর আগের দেখায় দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননি। এবার হাত মেলাবেন কি না তা নিয়েও ছিল তুমুল জল্পনা-কল্পনা।
ম্যাচের আগে ভারত-পাকিস্তান দুই দলের অধিনায়ককেই হাত মেলানোর ব্যাপারে প্রশ্নও করা হয়েছিল। ম্যান ইন গ্রিনদের অধিনায়ক সালমান আঘা নিজে সরাসরি কোনো উত্তর দেননি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন ঠিকমত খাওয়া এবং ঘুমানোর কথা। কারণ হাত মেলাবেন কি না সে উত্তর তিনি মাঠেই দিতে চেয়েছিলেন। অবশেষে পাওয়া গেল সেই উত্তর।
বিজ্ঞাপন
আগের বারের মত এবারও ভারত-পাকিস্তানের অধিনায়কদের কেউই টসের সময় হাত মেলাননি। তাঁর মানে বাকি ক্রিকেটাররাও ম্যাচের কোনো পর্যায়েই আর হাত মেলানোর ধারায় ফিরে যাচ্ছেন না। দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর ধারা বজায় থাকছে এই ম্যাচেও।
এদিকে উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তানের এই হাই-ভোল্টেজ ম্যাচে সমান আলোচনায় আছে বৃষ্টি। ম্যাচ শুরুর আগে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকলেও তা হয়নি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগ পর্যন্তও শুষ্ক ছিল কলম্বোর আবহাওয়া। বৃষ্টি হয়নি। তবে তাদের প্রকাশিত ছবিতে আকাশে কালো মেঘ দেখা গেছে।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।
ভারত একাদশ:
ঈশান কিষান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

