শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

মেসির চোটে স্থগিত ম্যাচ, দুশ্চিন্তায় মিয়ামি-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

শেয়ার করুন:

মেসির চোটে স্থগিত ম্যাচ, দুশ্চিন্তায় মিয়ামি-আর্জেন্টিনা

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আমেরিকায় সফর করছে ইন্টার মিয়ামি। তবে সফরের মাঝেই দুঃসংবাদ, দলের অধিনায়ক লিওনেল মেসি চোটে পড়েছেন। ইকুয়েডরে বার্সেলোনা গুয়ায়াকিল এসসি’র বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে তার বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লাগে। এরপর তিনি আর অনুশীলনে অংশ নেননি।

মেসির চোটের খবর পাওয়ার পর পুয়ের্তো রিকোতে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইন্ডিপেনিয়েন্তে দেল ভায়ের বিপক্ষে প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়। পরে জানানো হয়েছে, ম্যাচটি ২৬ ফেব্রুয়ারি আয়োজন করা হবে। ক্লাব ও চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির টান ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে এবং তার উন্নতির ওপর ভিত্তি করেই অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।


বিজ্ঞাপন


মেসি নিজেও সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে তিনি পুয়ের্তো রিকোর ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন। জানান, শেষ ম্যাচে অস্বস্তি নিয়েই খেলেছিলেন এবং পরে আলোচনা করে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই নতুন সূচিতে ম্যাচ আয়োজন করা যাবে এবং সমর্থকদের সঙ্গে দেখা হবে। পাশাপাশি টিকিট কেটে অপেক্ষা করা ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

আগামী ২১ ফেব্রুয়ারি এলএএফসি’র বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে ইন্টার মায়ামি। শিরোপা ধরে রাখার লক্ষ্যে শুরু থেকেই মেসিকে পেতে চায় ক্লাবটি। তবে তার চোট নিয়ে দুশ্চিন্তায় আছে আর্জেন্টিনা জাতীয় দলও।

আগামী ২৭ মার্চ ‘লা ফিনালিসিমা’য় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনার। তার আগে মেসি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের মতে, এমন চোট সাধারণত গুরুতর নয়, তবে ৩৮ বছর বয়সী মেসির শরীর কেমন সাড়া দেয়, সেটিই বড় প্রশ্ন।

এ চোট বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। মেসি আগেই জানিয়েছিলেন, ভবিষ্যৎ বিশ্বকাপে খেলবেন কি না, তা নির্ভর করবে তার শারীরিক সক্ষমতার ওপর। প্রাক-মৌসুমের পারফরম্যান্স তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এখন দেখার বিষয়, এই হ্যামস্ট্রিং চোট তার পরিকল্পনায় কতটা প্রভাব ফেলে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর