মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ভারত ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তানকে যে অনুরোধ আরব আমিরাতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

ভারত ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তানকে যে অনুরোধ আরব আমিরাতের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেলার সরকারি সিদ্ধান্তে অটল ছিল পাকিস্তান। কিন্তু নাটকীয় মোড় নিয়ে এখন সেই ম্যাচ আবার আলোচনার টেবিলে। লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসি কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর ইঙ্গিত মিলছে, পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসতে পারে।

এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকেও পাশে পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এনডিটিভি জানিয়েছে, এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) পিসিবিকে ইমেইল পাঠিয়ে ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। চিঠিতে উল্লেখ করা হয়, এই ম্যাচ না হলে আর্থিকভাবে বড় ধাক্কা খাবে বিশ্ব ক্রিকেট, বিশেষ করে সহযোগী দেশগুলো।

আরও পড়ুন- ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে...

চিঠিতে বলা হয়, “এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সম্পর্ক রয়েছে। অতীতে আমরা পাকিস্তানকে ভেন্যু দিয়েছি, তাদের ক্রিকেট আয়োজন করেছি। ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা পরিবারের সদস্য হিসেবে পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করছি।”

এমিরেটস বোর্ডের সাধারণ সম্পাদক মুবারশির উসমানিকে এই ইস্যুতে মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাও লাহোর বৈঠকে উপস্থিত ছিলেন।

রোববার লাহোরে আইসিসি প্রতিনিধি দল, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দীর্ঘ বৈঠকে বসেন। পাকিস্তানি গণমাধ্যমের খবর, দীর্ঘ আলোচনার পর সমঝোতার একটি ‘রোডম্যাপ’ তৈরি হয়েছে এবং “আগামী কয়েক ঘণ্টার মধ্যেই” সমাধান আসতে পারে।

এর আগে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল, দল বিশ্বকাপে খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে মাঠে নামবে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্তকে বাংলাদেশের সঙ্গে সংহতির প্রতীক হিসেবে উল্লেখ করেছিলেন। আইসিসি বাংলাদেশের অনুরোধ মেনে তাদের ম্যাচগুলো ভারতের বাইরে সরাতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদেই পাকিস্তানের কঠোর অবস্থান।

আরএ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর