সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে নানা বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল ইসলামের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। এ নিয়ে অনেকে ধরে নেন যে, দুজনের মধ্যে তীব্র ঝগড়া বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
কিন্তু এই ছবির পেছনের আসল ঘটনা জানিয়ে গুজবকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন বিসিবির আরেক পরিচালক ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
বিজ্ঞাপন
শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে পাইলট স্পষ্ট করে বলেন, “একটি স্থির ছবি দেখে গল্প বানানো খুব সহজ, কিন্তু সত্যিটা জানা খুব জরুরি।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু লোক শুধু ভিউ বাড়ানোর জন্য ভিত্তিহীন ও নেতিবাচক খবর ছড়াচ্ছে।
পাইলটের ব্যাখ্যা অনুযায়ী, ছবিটি তোলা হয়েছিল রংপুর স্টেডিয়ামের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনার সময়। তিনজন (ফারুক ভাই, নাজমুল ভাই ও পাইলট নিজে) প্রেজেন্টেশন বক্সে বসে সৌহার্দ্যপূর্ণভাবে কথা বলছিলেন। আলোচনার বিষয় ছিল রংপুরের মাঠের ইতিহাস, আগের দিনের সফর এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা। পুরো সময়টাই ছিল স্বাভাবিক, ইতিবাচক এবং আরামদায়ক; কোনো উচ্চবাক্য বা ঝগড়ার মতো কিছুই হয়নি।
তিনি আরও বলেন, নাজমুল ভাই উপরের ধাপে বসা ছিলেন, আর পাইলট নিচের ধাপে। স্রেফ এক মুহূর্তের ছবিকে ভুলভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
শেষে পাইলট দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, গুজব ছড়ানোর পরিবর্তে সত্য তথ্য যাচাই করে খবর প্রচার করা উচিত।
বিজ্ঞাপন
এসটি

