পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে কলম্বোয় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ‘এ’ গ্রুপের এই উদ্বোধনী ম্যাচটি শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে।
ম্যাচের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। টসের পর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন,‘উইকেটটা একেবারেই নতুন। বৃষ্টির সম্ভাবনাও আছে। আর্দ্রতার সুবিধা নিতে আমরা আগে বোলিং করতে চেয়েছি। শ্রীলঙ্কায় এই প্রথম এতটা ঘাস দেখছি। আমরা তিনজন পেসার ও কয়েকজন অলরাউন্ডার নিয়ে খেলছি। নেদারল্যান্ডস ভালো দল, তাই পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।’
বিজ্ঞাপন
টসে হেরে ব্যাটিংয়ের দায়িত্ব পায় নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন,‘উইকেট দেখতে বেশ ভালো। টস জিতলে আমরাও আগে বোলিং করতাম, তবে ব্যাটিং করতেও সমস্যা নেই। এটি আমাদের জন্য বড় ম্যাচ, আসলে গ্রুপের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা দেড় মাস ধরে ভারত ও শ্রীলঙ্কায় অনুশীলন করছি, তাই কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছি। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে, ব্যাটিং ও বোলিং—দুই দিকেই আমাদের ভালো বিকল্প আছে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত পাকিস্তান ও নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে দুইবার, যেখানে দুটিতেই জয় পেয়েছে পাকিস্তান। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিশ্বকাপ শুরু করতে চায় সাবেক চ্যাম্পিয়নরা।
পাকিস্তান একাদশ: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান।
নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অকারম্যান, নোয়া ক্রোস, বাস ডি লিডে, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বেক, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন।
বিজ্ঞাপন
এসটি

