আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বৃহস্পতিবার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৬ ফাইনালের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। তিনি পাকিস্তানের সিদ্ধান্তকে “খুবই ভুল” বলে মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ভাটিয়া বলেন, “এই সিদ্ধান্ত খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার সম্পূর্ণ বিরুদ্ধে। পাকিস্তান যা করেছে, তা একেবারেই ঠিক হয়নি। আমি বিশ্বাস করি, আইসিসি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে।”
আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে; এমন প্রশ্নে তিনি জানান, “এখনই এসব নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেবে। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
এর আগে একই দিন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও বিসিসিআইয়ের অবস্থানের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, পাকিস্তান ম্যাচ বয়কট করলেও ভারতের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে সূর্যকুমার জানান, “পাকিস্তানের সিদ্ধান্ত সত্ত্বেও আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসেনি।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা।
গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস।
সূত্র: এএনআই
এসটি

