শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তান লিগে দল পেয়ে যে বার্তা দিলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান লিগে দল পেয়ে যা বার্তা দিলেন মুস্তাফিজ

দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। এবারের পিএসএল আসরের জন্য ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে ২ কোটি ৮১ লাখ টাকায় তাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

দলে ফেরার পর লাহোরের ম্যানেজমেন্ট ও সমর্থকদের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার। লাহোরে ফিরে তিনি নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছেন বলে জানান।

মুস্তাফিজ বলেন, “লাহোর আমাকে দলে নেওয়ায় আমি সম্মানিত। আবার তাদের হয়ে পিএসএল খেলতে পারব ভেবে খুব ভালো লাগছে। এই দলের সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। এখানকার পরিবেশ, সমর্থকদের আবেগ আর দলের ভ্রাতৃত্ব আমি আগে থেকেই জানি। লাহোরকে আমি সবসময় নিজের পরিবারের মতো মনে করেছি। আবার এই জার্সি পরতে এবং দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে আমি প্রস্তুত।”

২০১৬ সালে প্রথমবার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছিলেন ফিজ। এরপর ২০১৮ সালে সর্বশেষ দলটির হয়ে মাঠে নামেন তিনি। এরই মধ্যে লাহোর কালান্দার্স তিনবার পিএসএল শিরোপা জিতেছে। দলের সাম্প্রতিক সাফল্যের প্রশংসাও করেছেন এই অভিজ্ঞ বোলার।

মুস্তাফিজ আরও বলেন, “গত পাঁচ বছরে লাহোর যে ধরনের ক্রিকেট খেলেছে, তা সত্যিই অসাধারণ। দারুণ একটা সংস্কৃতির ওপর গড়ে ওঠা দল এটি। সমর্থকদের আবেগ আর এমন একটি ড্রেসিংরুম, যেখানে খেলোয়াড়দের সেরাটা বের করে আনা হয়, সব মিলিয়ে জায়গাটা বিশেষ। আগে যেখানে খেলেছি, সেই ড্রেসিংরুমে আবার ফিরে যাওয়া সত্যিই আলাদা অনুভূতি।”

লাহোরের সাম্প্রতিক সাফল্যের পেছনে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির বড় ভূমিকা রয়েছে। তার নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন মুস্তাফিজ।

তিনি বলেন, “শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে, শিরোপা ধরে রাখতে এবং দলের লক্ষ্যে অবদান রাখতে আমি খুবই আগ্রহী। মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। লাহোর কালান্দার্স শুধু একটি দল নয়, এটা একটি সংস্কৃতি, একটি পরিবার-যাদের প্রতিনিধিত্ব করতে পারাটা সবসময়ই অনুপ্রেরণার।”

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর