বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু শেষ মুহূর্তে ভারতে খেলতে আপত্তি জানানোয় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। আর এতেই ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ কার্যত উধাও হয়ে গেছে। এমনটায় জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে।
ইডেন গার্ডেন্সে এখন যে ম্যাচগুলো হচ্ছে-ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, স্কটল্যান্ড-ইতালি, ইংল্যান্ড-স্কটল্যান্ড, ইংল্যান্ড-ইতালি, ওয়েস্ট ইন্ডিজ-ইতালি- এগুলোতে দর্শকের আগ্রহ খুবই কম। ভারতের কোনো ম্যাচ তো এখানে গ্রুপ পর্বে নেই-ই। ফলে বাংলাদেশ না আসায় যে উত্তেজনা ও আগ্রহ ছিল, সেটা অনেকটাই উবে গেছে।
বিজ্ঞাপন
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইডেনের ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচগুলো মিলিয়ে এখনও পর্যন্ত ২১ হাজারেরও কম টিকিট বিক্রি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড মাত্র ২৯১৭টি, স্কটল্যান্ড বনাম ইতালি মাত্র ৩৪৮টি, ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ২০৭৫টি, ইংল্যান্ড বনাম ইতালি ৪৯৭০টি, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি ১২৪৮টি টিকিট বিক্রি হয়েছে বলে জানা যায়।
সুপার এইট আর সেমিফাইনাল মিলিয়ে বিক্রি হয়েছে মাত্র ৯,০০০ টিকিটের মতো।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এই অবস্থা দেখে অনেকেই বলছেন- বাংলাদেশ দল না থাকায় কলকাতার ক্রিকেটপ্রেমীদের উৎসাহ অনেক কমে গেছে। শহরে বিশ্বকাপ নিয়ে তেমন চর্চাই নেই। বরং ঘরোয়া লিগের ম্যাচ নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর অবশ্য তেমন কোনো ক্ষতি হচ্ছে না। ম্যাচ আয়োজনের জন্য যে ফি তারা পাচ্ছে, তাতেই খরচ উঠে আসছে। দর্শক বাড়ানোর জন্য বাড়তি কোনো প্রচার বা উদ্যোগও নেওয়া হচ্ছে না।
বিজ্ঞাপন
ফলে এবারের বিশ্বকাপে ইডেন গার্ডেন্সের গ্যালারি হয়তো অনেকটা খালি-খালিই থাকবে। ক্রিকেটের এই মহাতীর্থে যে জমজমাট ভাব থাকার কথা ছিল, সেটা এখন অনেকটাই অনুপস্থিত। বাংলাদেশের অনুপস্থিতি যেন পুরো পরিবেশটাকেই বদলে দিয়েছে।

