রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ’

আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। গ্রুপপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পর ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে সালমান আলি আগাদের। তবে সেই বহুল আলোচিত ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ভারতের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে শ্রীলঙ্কায় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। তিনি জানান, ম্যাচটি হবে কি না- এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর নির্ভর করছে। সরকার যে নির্দেশ দেবে, পাকিস্তান দল সেটিই অনুসরণ করবে।


বিজ্ঞাপন


বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকায় হতাশাও প্রকাশ করেছেন আগা। এ বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তারা যে সমর্থন দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। সত্যিই দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশ নিতে পারছে না।”

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আশাবাদী পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, গত ছয় মাসে এবং এশিয়া কাপের পর থেকে দল ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। “আগের কিছু টুর্নামেন্টে আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে এবার দল ভালো অবস্থায় আছে। আশা করি বিশ্বকাপে ভালো কিছু করতে পারব,” যোগ করেন তিনি।

এই বিশ্বকাপেই প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম বিশ্বকাপ। আমি খুবই উচ্ছ্বসিত এবং আশা করি আমার নেতৃত্বে দল ভালো পারফরম্যান্স করবে।”

নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে না ভেবে প্রস্তুতির দিকেই মনোযোগ দিতে চান আগা। তিনি বলেন, “আমরা এমন বিষয় নিয়ে ভাবছি না যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। বিশ্বকাপে কোনো দলই ছোট নয়। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য আমরা ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছি।”


বিজ্ঞাপন


এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর