আজ থেকে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬-এর। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় ফাঁকা সময়টাকে কাজে লাগিয়ে বিসিবি আয়োজন করেছে এই ছোট টুর্নামেন্ট। দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া তিনটি দল ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ।
বিশ্বকাপ বর্জনের কারণে ক্রিকেটারদের ফর্ম ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কিছুটা পূরণ করার উদ্দেশ্যে বিসিবির এই উদ্যোগ। টুর্নামেন্টে মোট প্রাইজমানি প্রায় আড়াই কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে বড় অংশ, আর খেলোয়াড়দের ম্যাচ ফি মিলিয়ে গড়ে প্রত্যেকের আয় হতে পারে ৫-৭ লাখ টাকা পর্যন্ত।
বিজ্ঞাপন
তিন দলের জন্য মোট ৩৯ ক্রিকেটারকে বাছাই করেছেন নির্বাচকরা। যেখানে জাতীয় দলের ক্রিকেটার, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ও ইমার্জিং এবং যুব দলের ক্রিকেটারদের রাখা হয়েছে।
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ এর নিয়ম
টুর্নামেন্টে নতুনত্ব বলতে যুক্ত হয়েছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে নিয়ম চালু আছে। টসের পর ইনিংসের যে কোনো পর্যায়ে বদলি হিসেবে একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। তিনি বল ও ব্যাট দুটোই করতে পারবেন।
ম্যাচে অংশ নেওয়া উভয় দল টসের সময় চারজন সাবস্টিটিউট খেলোয়াড়ের তালিকা দেবে। এ চারজনের ভেতর থেকে যে কোনো একজনকে ম্যাচের মধ্যে বদলি হিসেবে নামানো যাবে। ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান বা বোলারের বদলে বোলার জাতীয় নিয়ম নেই এখানে।
বিজ্ঞাপন
ব্যাটিং দল ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে পারবে তিন সময়ে—ইনিংসের শুরুতে, ইনিংসের বিরতিতে এবং উইকেট পতনের পর। বোলিং দল ইমপ্যাক্ট নামাতে পারবে উইকেট পতনের পর, ওভারের শেষে এবং ইনিংসের শুরু ও বিরতিতে। ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাটিং-বোলিং দুটিই করতে পারবেন।
সংস্কৃতিক আয়োজন
প্রতিদিন ম্যাচের আগে ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছে বিসিবি। থাকবে লাইট শো। উদ্বোধনী দিনে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।
দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন
দর্শকরা টিকিট কেটে দেখতে পারবেন খেলা। সর্বনিম্ন টিকিটের দাম ১০০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা। এছাড়া ২০০ ও ৫০০ টাকার টিকিটও রয়েছে। গ্যালারিতে বসে তারকা ক্রিকেটারদের খেলা দেখতে স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের লাগবে না টিকিট। তারা স্কুল অথবা কলেজ ড্রেস কিংবা স্কুল অথবা কলেরজের আইডি কার্ড নিয়ে ক্লাব হাউজে বসে খেলা দেখাতে পারবেন।
আজ ৫ ফেব্রুয়ারি- ধূমকেতু একাদশ বনাম দূরন্ত একাদশ, ৬ ফেব্রুয়ারি- ধূমকেতু একাদশ বনাম দুর্বার একাদশ, ৭ ফেব্রুয়ারি- দুর্বার একাদশ বনাম দূরন্ত একাদশ ও ৯ ফেব্রুয়ারি- ফাইনাল। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এসটি

