বার্সেলোনার জন্য কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের আগে খারাপ খবর এসেছে। দলের গুরুত্বপূর্ণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া চোটের কারণে আগামীকালের ম্যাচে খেলতে পারবেন না।
কাল এস্তাদিও কার্লোস বেলমন্তেতে আলবাসেতের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। কোপা দেল রের শিরোপা ধরে রাখার লড়াইয়ে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আলবাসেতে সেগুন্দা বিভাগের দল হলেও আগের রাউন্ডে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে। তাই কাতালানদের জন্য এই ম্যাচ সহজ হবে না, সেটা তারা ভালো করেই জানে।
বিজ্ঞাপন
রাফিনিয়ার অনুপস্থিতি বার্সেলোনার জন্য বড় ধাক্কা। গত সপ্তাহে এলচের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঝপথে মাঠ ছাড়তে হয় তাকে। ক্লাবের অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, তার ডান পায়ের অ্যাডাক্টর মাসলে ওভারলোড (অতিরিক্ত চাপ) হয়েছে। বড় কোনো চোট না হলেও ঝুঁকি নিতে চায় না বার্সা। তাই সতর্কতামূলকভাবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। রাফিনিয়ার ফেরার সম্ভাবনা আছে এক সপ্তাহ পর, অর্থাৎ আগামী সপ্তাহে ক্যাম্প ন্যুতে মায়োর্কার বিপক্ষে ম্যাচে। তবে সেটা নির্ভর করবে তার অনুশীলনে ফেরা ও শরীরের অবস্থার ওপর।
রাফিনিয়া না থাকায় আক্রমণভাগে সুযোগ পাচ্ছেন মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা এই ইংলিশ ফরোয়ার্ড এলচের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে গোল করে দলের ৩-১ জয় নিশ্চিত করেছিলেন। এখন আলবাসেতের বিপক্ষে শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা অনেক বেশি।
অন্যদিকে রক্ষণভাগে কিছুটা স্বস্তির খবর। এলচের ম্যাচে শেষ দিকে পেশিতে চোট পেয়েছিলেন জুল কুন্দে। কিন্তু ফরাসি এই ডিফেন্ডার দ্রুত সেরে উঠেছেন। দলের অনুশীলনে ফিরেছেন তিনি। সব ঠিক থাকলে আলবাসেতের বিপক্ষে খেলতে পারবেন। তবে কোচ হান্সি ফ্লিক চাইলে তাকে বিশ্রামও দিতে পারেন।
কুন্দে বিশ্রাম নিলে দলে ফেরার সুযোগ পাবেন জোয়াও ক্যানসেলো। শীতকালীন দলবদলে আল হিলাল থেকে ফিরে আসার পর এটা তার শুরুর একাদশে নামার দ্বিতীয় সুযোগ হতে পারে। সব মিলিয়ে কোপা দেল রে জয়ের অভিযানে আলবাসেতের মাঠে বার্সেলোনার সামনে কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
বিজ্ঞাপন
এসটি

