পাকিস্তান টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছেন, ভারত ম্যাচ বয়কটের বিষয়ে সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্দেশই কঠোরভাবে অনুসরণ করবে ম্যান ইন গ্রিনরা।
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত রোববার পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানায়। তবে ২০ দলের এই টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেবে বলেও নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ভারত ম্যাচ বয়কট করায় যেসব শাস্তির মুখোমুখি হতে পারে পাকিস্তান
আরও পড়ুন- পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট বিষয়ে আইসিসি যা বলছে
এই সিদ্ধান্তের মাধ্যমে আইসিসিকে আর্থিকভাবে চাপের মুখে ফেলাই উদ্দেশ্য বলে ইঙ্গিত পাওয়া যায়। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত সপ্তাহে আইসিসির বিরুদ্ধে ‘দ্বৈত মানদণ্ড’ অনুসরণের অভিযোগ তুলেছিলেন এবং দাবি করেছিলেন, সংস্থাটি বিসিসিআইয়ের প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও নাকভির এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই এই ঘোষণা আসে। এর আগে গত মাসেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাকভি জানিয়েছিলেন, ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বাংলাদেশের ভারত সফর প্রত্যাখ্যানের পর আইসিসি তাদের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়ায় পাকিস্তান নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করেছিল।
বিজ্ঞাপন
ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে আগা বলেন, “আমরা অবশ্যই বিশ্বকাপে যাচ্ছি। এটা আমাদের সিদ্ধান্ত নয়। আমাদের সরকার ও চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাই মেনে চলব।” তিনি বলেন, বিশ্বকাপে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। “বিশ্বকাপে গেলে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা তিনটি ম্যাচ খেলব, আর তিনটিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। চারটি হলেও একই কথা। সব ম্যাচ সমান গুরুত্ব দিয়ে জয়ের লক্ষ্যেই খেলব।”
দলের ধারাবাহিকতা ও পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়ে আগা বলেন, “বড় টুর্নামেন্টে ধারাবাহিক ক্রিকেট খেলতে হয়। পুরো ৪০ ওভার পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমাদের শিরোপা জয়ের দারুণ সুযোগ আছে।”
আরএ

