টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আজই কাটতে পারে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আজ সন্ধ্যা ৬টায় বৈঠকে বসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠক শেষে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
জিইও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিশ্বকাপে খেলবে নাকি সরে দাঁড়াবে- এই সিদ্ধান্ত সরাসরি প্রধানমন্ত্রীই নেবেন।
বিজ্ঞাপন
সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে অন্য ভেন্যুতে সরানোর আবেদন নাকচ করে দেয়। এরপরই পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল মূলত একটি ঘটনার কারণে। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এতে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
তবে আইসিসি জানিয়ে দেয়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি বা ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। এরপরই চমকপ্রদ সিদ্ধান্ত নেয় আইসিসি, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশ বাদ পড়ার পরই গুঞ্জন ছড়ায়, প্রতিবাদ হিসেবে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। এর আগেও, গত ২৬ জানুয়ারি, এই ইস্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনা করেছিলেন পিসিবি চেয়ারম্যান নাকভি। আজকের বৈঠক তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের দাবি, বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে।
বিজ্ঞাপন
এদিকে গতকাল পাকিস্তান দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের কথা ছিল আগেই। তবে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তা পিছিয়ে দেওয়া হয়। আজ যদি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত ইতিবাচক হয়, তাহলে জার্সি উন্মোচনের বিষয়টিও চূড়ান্ত হতে পারে।
পিসিবি বিকল্প পরিকল্পনাও তৈরি করে রেখেছে। যদি পাকিস্তান বিশ্বকাপে না খেলে, তাহলে লাহোরে চার দল নিয়ে একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হবে। পাকিস্তান জাতীয় দল ও শাহিনস অনূর্ধ্ব-১৮ দল থেকে খেলোয়াড় ভাগ করে চারটি দল গঠন করা হবে।
এসটি

