২০২৫ সালের ব্যালন ডি’অর না পেয়ে হতাশা লুকাননি বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। দুর্দান্ত মৌসুম কাটিয়েও শেষ পর্যন্ত পঞ্চম হওয়াটা তাকে বিস্মিত করেছে।
সেপ্টেম্বরে ঘোষিত এই পুরস্কার জিতেছেন পিএসজির উসমান দেম্বেলে। রাফিনিয়ার সতীর্থ লামিনে ইয়ামাল ছিলেন রানার্স-আপ। আর নিজেকে তিনি দেখেছেন পঞ্চম স্থানে।
বিজ্ঞাপন
সোফাস্কোরকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান এই উইঙ্গার বলেন, “আমি অন্তত সেরা তিনে থাকব- এমনটাই আশা করেছিলাম। জেতা কঠিন হবে জানতাম, কারণ ব্যালন ডি’অরে চ্যাম্পিয়ন্স লিগের প্রভাব অনেক। কিন্তু যে অবস্থানে শেষ করেছি, তা আমাকে হতাশ করেছে।”
নিজেকে সেরা দাবি করে রাফিনিয়া বলেন, “আমার মতে, ব্যক্তিগত পুরস্কার কোনো একক প্রতিযোগিতার ওপর নির্ভর করা উচিত নয়। পুরো মৌসুমে যা করেছি, যে শিরোপাগুলো জিতেছি, যে পরিসংখ্যান দাঁড় করিয়েছি- সব মিলিয়ে আমি প্রথম হওয়ার যোগ্য ছিলাম।” তবে পুরস্কার না পেলেও নিজের মৌসুম নিয়ে সন্তুষ্ট তিনি। “একটা ব্যক্তিগত পুরস্কার আমার গত মৌসুমের অর্জন মুছে দিতে পারে না,” বলেন রাফিনিয়া।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। তার পারফরম্যান্সে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকোপা জেতে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগেও ১৪ ম্যাচে ১৩ গোল ও ৯ অ্যাসিস্ট করে দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন রাফিনিয়া।
তবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারাটাই তার সম্ভাবনায় প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন তিনি। “ব্যালন ডি’অরে এমন অনেক বিষয় থাকে, যেগুলো আমার নিয়ন্ত্রণে নয়,” বলেন রাফিনিয়া। “পুরো মৌসুম বিবেচনায় নিলে আমি নিজেকে প্রথম রাখতাম। লামিনেকে দ্বিতীয়, পেদ্রিকে তৃতীয় এবং দেম্বেলেকে চতুর্থ স্থানে রাখতাম।”
বিজ্ঞাপন
তবে শেষ পর্যন্ত তিনি মেনে নিয়েছেন পুরস্কারের বাস্তবতা। “যদি কোনো এক প্রতিযোগিতা, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ বেশি গুরুত্ব পায়, তাহলে দেম্বেলের জেতাটাই স্বাভাবিক। সে অসাধারণ মৌসুম কাটিয়েছে।”
ট্রেবলজয়ী পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেছেন দেম্বেলে। লিগ ওয়ান, কুপ দে ফ্রান্স ও ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্বেও ছিল তার বড় অবদান।

