শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তা শ্রীলঙ্কার

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তায় এলিট সশস্ত্র ইউনিট মোতায়েন করবে শ্রীলঙ্কা। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন।

ভারতের সঙ্গে যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজক শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত দ্বীপদেশটিতে অনুষ্ঠিত হবে মোট ২০টি ম্যাচ। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপ ‘এ’-এর ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।


বিজ্ঞাপন


পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই ক্রিকেট মাঠে প্রতিফলিত হয়ে আসছে। গত বছর চার দিনের সংঘাতের পর সেই উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী সুনিল কুমারা গামাগে বুধবার গভীর রাতে এএফপিকে বলেন, টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন করাকে সরকার ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিয়েছে এবং ভারত-পাকিস্তান ম্যাচগুলোর ক্ষেত্রে ‘বিশেষ নজর’ রাখা হচ্ছে।

পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্ত থেকে আবার বিমানে ওঠা পর্যন্ত খেলোয়াড়দের সশস্ত্র নিরাপত্তা দেওয়া হবে।

অতীতে নিরাপত্তাজনিত কারণে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে ‘হাইব্রিড মডেল’-এ ম্যাচ আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় টি–টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশও ভারতে তাদের ম্যাচগুলো আয়োজন না করার অনুরোধ জানিয়েছিল। তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে। এর জেরে ক্ষুব্ধ বাংলাদেশ টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।


বিজ্ঞাপন


বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। তবে ভারত-বাংলাদেশ এই বিরোধে পুরো সময়জুড়ে নীরব অবস্থান বজায় রেখেছে শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে এএফপিকে বলেন, কলম্বো কোনোভাবেই আঞ্চলিক বিরোধে জড়াতে চায় না। তার ভাষায়, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যেসব বিষয় নিয়ে বিরোধ রয়েছে, সেগুলোতে শ্রীলঙ্কা নিরপেক্ষ থাকবে। এই তিন দেশই শ্রীলঙ্কার বন্ধু রাষ্ট্র।

তবে প্রয়োজনে ভবিষ্যতে যেকোনো দেশের জন্য টুর্নামেন্ট আয়োজন করতে শ্রীলঙ্কা প্রস্তুত বলেও জানান তিনি। টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ভেন্যুগুলোর উন্নয়ন কাজও চালিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে নতুন ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। অন্যদিকে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম গত নভেম্বরে অঞ্চলে আঘাত হানা প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষা পেয়েছে। এই মাঠেই শুক্রবার শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে একটি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর