শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাবর আজমকে নিয়ে প্রশ্নে বিরক্ত পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে চমক: বাবর–শাহিনকে ছাড়াই খেলবে পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বারবার বাবর আজমকে নিয়ে প্রশ্নে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা। বাবরের ফর্ম নিয়ে সাংবাদিকদের আগ্রহে ক্ষোভ ঝরেছে তার কণ্ঠে, যেখানে তিনি একক কোনো খেলোয়াড়ের বদলে পুরো দলের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।

এশিয়া কাপের দলে না থাকলেও পরে আবার টি-টোয়েন্টি দলে ফেরেন বাবর আজম। অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছেন তিনি। তবে বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স না করায় বাবরের ফর্ম নিয়ে আলোচনা নতুন করে মাথাচাড়া দেয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই খানিকটা বিরক্ত ভঙ্গিতে সালমান বলেন, “আমি আশা করি, কোনো একদিন এমন প্রেস কনফারেন্সে বসব, যেখানে বাবর আজমকে নিয়ে প্রশ্ন করা হবে না। দলে আরও ১৪ জন খেলোয়াড় আছে, ব্যাটসম্যান আছে, তাদের নিয়েও ভাবুন, তাদের নিয়েও কথা বলুন। তাকে তার মতো থাকতে দিন, ব্যাটিংয়ে মনোযোগ দিতে দিন।”

বিগ ব্যাশ লিগের ১৫তম আসরে বাবর আজম ১১ ম্যাচে করেন ২০২ রান। তার ব্যাটিং গড় ছিল ২২.৪৪ এবং স্ট্রাইক রেট ১০৩.০৬, যা তার মান অনুযায়ী প্রত্যাশার নিচে ছিল। একটি ম্যাচে সতীর্থ স্টিভ স্মিথ পাওয়ার সার্জে স্ট্রাইক ধরে রাখতে গিয়ে বাবরকে সিঙ্গেল না দিলে সেটিও আলোচনায় আসে। সেই ঘটনায় বাবরের অস্বস্তিও চোখে পড়ে।

তবে এসব আলোচনা সত্ত্বেও বাবর আজমের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন সালমান আলী আগা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফরম্যান্সকে গুরুত্ব না দিয়ে জাতীয় দলের হয়ে বাবরের ধারাবাহিক অবদানই যে বিবেচ্য, সেটাই স্পষ্ট করেছেন তিনি।

পাকিস্তান অধিনায়ক বলেন, “দেখুন, আমি মানি যে বিগ ব্যাশে বাবর প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। কিন্তু আমাদের জন্য সে সবসময়ই প্রমাণিত পারফরমার। আমার কোনো সমস্যা নেই। আমার কাছে শুধু এটুকুই গুরুত্বপূর্ণ, সে পাকিস্তানের হয়ে কেমন খেলছে। বিগ ব্যাশে সে কী করল, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।” অস্ট্রেলিয়া সিরিজের আগে বাবর আজমকে ঘিরে চাপ ও আলোচনা থাকলেও, দল হিসেবে সামনে এগোনোর দিকেই মনোযোগ রাখতে চান পাকিস্তান অধিনায়ক।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর