সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ভারতে বিশ্বকাপ খেলতে ভিসা নিয়ে জটিলতা স্কটল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

ভারতে বিশ্বকাপ খেলতে ভিসা নিয়ে জটিলতা স্কটল্যান্ডের

বাংলাদেশ শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তবে দল ঘোষণার পর থেকেই তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ভিসা পাওয়া নিয়ে। বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফের ভিসা সময়মতো মিলবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানি নাগরিক বা পাকিস্তানি বংশোদ্ভূতদের ভারতীয় ভিসা পেতে প্রায়ই দেরি হয়। সাফিয়ান শরিফও সেই ঝুঁকির মধ্যে পড়েছেন। তিনি ইংল্যান্ডের হাডার্সফিল্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা পাকিস্তানি এবং মা ব্রিটিশ-পাকিস্তানি। সাত বছর বয়সে তিনি স্কটল্যান্ডে চলে যান।


বিজ্ঞাপন


ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, সব খেলোয়াড়ের ভিসা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আন্তরিকভাবে কাজ করছে। সংস্থাটির প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘ভিসা প্রক্রিয়া সব সময়ই অনিশ্চিত। সময় তিন দিন হোক বা ৪৫ দিন। গত ৪৮ ঘণ্টা ধরে আমাদের মূল লক্ষ্য ছিল ভিসার কাজ এগিয়ে নেওয়া। আইসিসি ও বিসিসিআই আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

বিশ্বকাপে খেলার প্রস্তুতিতে স্কটল্যান্ড ইতোমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। চলতি সপ্তাহেই তাদের ভারতে যাওয়ার কথা রয়েছে। ভিসা জটিলতা এড়াতে দুইজন রিজার্ভ ও তিনজন নন-ট্রাভেলিং রিজার্ভ খেলোয়াড়ের জন্যও ভিসার আবেদন করা হবে।

দলে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় তিনটি পরিবর্তন এসেছে। ১৯ বছর বয়সী আফগানিস্তান–জন্ম নেওয়া পেসার জাইনুল্লাহ ইহসান প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন। সাবেক নিউজিল্যান্ড ব্যাটার টম ব্রুসও স্কটল্যান্ড দলে গুরুত্বপূর্ণ সংযোজন। তবে ১৪৫ কিলোমিটার গতির পেসার ক্রিস সোল এবার দলে নেই।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ২ ও ৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি ও নেপাল। গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইটে জায়গা পাবে।


বিজ্ঞাপন


ক্রিকেট স্কটল্যান্ড এক বিবৃতিতে জানায়, ‘সব খেলোয়াড় ও স্টাফের ভিসা অনুমোদনের ভিত্তিতেই স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। সময় কম থাকায় অতিরিক্ত রিজার্ভ রাখা হয়েছে।’

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর