আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান। নতুন আইসিসি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় এখন ৮ নম্বরে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি এই পেসার। তার রেটিং পয়েন্ট এখন ৬৬৫।
বুধবার আইসিসি প্রকাশ করেছে পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ। সেখানে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের অবস্থান উন্নতি হয়েছে।
বিজ্ঞাপন
তৃতীয় ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নেয়ায় যেমন উন্নতি হয়েছে মুস্তাফিজের, তেমনি সিরিজসেরা শেখ মেহেদি হাসান তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ৫ ধাপ লাফিয়ে এখন ১৯ নম্বরে। তার সমান ৫ ধাপ এগিয়ে নাসুম আহমেদ উঠে এসেছেন ২৫ নম্বরে।
তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে। তবে কিছুটা খরুচে বোলিংয়ের কারণে এক ধাপ পিছিয়ে ৫১ নম্বরে নেমেছেন শরিফুল ইসলাম। সিরিজে না খেলায় ১০ ধাপ পিছিয়ে তাসকিন আহমেদ এখন ৫২ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে ৩৮ নম্বরে উঠেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৫ ধাপ এগিয়ে তাওহিদ হৃদয় ৪২ নম্বরে, সমান অবস্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েলও।
তবে কিছু ব্যাটার পিছিয়েছেন, তানজিদ হাসান তামিম ১৯ নম্বরে (১ ধাপ নিচে), সাইফ হাসান ৩৯ নম্বরে (৯ ধাপ নিচে) এবং লিটন দাস ৪৪ নম্বরে (২ ধাপ নিচে)।
বিজ্ঞাপন
ব্যাটিং র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। অলরাউন্ডারদের তালিকায় বিশাল অগ্রগতি হয়েছে সাইফ হাসানের। ২৭ ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৭৩ নম্বরে। এই তালিকার শীর্ষে ফিরেছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব।

