মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোহিত-কোহলি ২০২৭ বিশ্বকাপ না খেললে খুশি হবো: গুরবাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম

শেয়ার করুন:

রোহিত-কোহলি ২০২৭ বিশ্বকাপ না খেললে খুশি হবো: গুরবাজ

আফগানিস্তানের উদীয়মান তারকা উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ বরাবরই সোজাসাপ্টা কথা বলেন। মাঠে তার আগ্রাসী ব্যাটিং যেমন চোখে পড়ে, ঠিক তেমনি সাক্ষাৎকারেও থাকে হাস্যরসের ছোঁয়া। আইএল টি-টোয়েন্টি শুরুর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে আবারও সেই স্বভাবের পরিচয় দিলেন তিনি।

গুরবাজ মজার ছলে বললেন, যদি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া মাঠে নামে, তাহলে তিনি তো বটেই- প্রতিপক্ষের সবাই খুশিই থাকবে! কারণ দুই ভারতীয় মহাতারকা দলের বাইরে থাকলে জয়ের সম্ভাবনা বেড়ে যায়।


বিজ্ঞাপন


সাক্ষাৎকারে গুরবাজ বললেন, “আফগানিস্তানের একজন খেলোয়াড় হিসেবে বললে, রোহিত আর কোহলি দলে না থাকলে আমি সবচেয়ে খুশি হবো। তখন জেতার পথটা একটু সহজ হয়। তারা এমন লিজেন্ড, যাদের জায়গা নিয়ে প্রশ্ন তোলার সাধ্য কারও নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, ওদের অনুপস্থিতিতে প্রতিপক্ষই সুখে থাকে।”

তার যুক্তি খুবই বাস্তবসম্মত। রোহিত এবং কোহলি শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর ব্যাটারদের একজন। চাপের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার অভ্যাস আছে দুজনেরই। তাই বড় প্রতিযোগিতায় তাদের অনুপস্থিতি প্রতিপক্ষের জন্য স্বস্তির কারণ না হয়ে পারে না।

গত দুই বছর ধরে রোহিত-কোহলির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ঘুরছে। দুজনই ইতোমধ্যে টেস্ট ও টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় তারা আছেন কি না, ভারতীয় নির্বাচকরা এখনো পরিষ্কার করে বলেননি।

তার মধ্যেই যেন নিজেদের অবস্থান আরও জোরদার করে তুললেন দুই সিনিয়র ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে শতক হাঁকালেন রোহিত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শতক করলেন কোহলি। এই পারফরম্যান্স যেন বলে দিচ্ছে, যত কথা–বার্তাই হোক, দুজন এখনও বিশ্ব মঞ্চে লড়াই করার মতো শক্তি রাখেন।


বিজ্ঞাপন


গুরবাজ শুধু প্রতিপক্ষ হিসেবে নয়, ব্যক্তিগতভাবেও কোহলির প্রতি গভীর শ্রদ্ধা রাখেন। খারাপ সময় এলে নিয়মিতই কোহলির সঙ্গে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে গুরবাজ বলেন, “যখনই ব্যাটিং নিয়ে সমস্যায় পড়ি, কোহলি ভাইকে ফোন করি। কিছুদিন আগে টানা রান পাচ্ছিলাম না। তার সঙ্গে কথা বলার পরের ম্যাচেই প্রায় নব্বই রান করলাম। তার পরামর্শ আমাকে আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর