দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রবিবার (৩০ নভেম্বর ২০২৫) মাঠে নেমেই নতুন রেকর্ড গড়লেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে পেছনে ফেলে রোহিতের ছক্কা এখন ৩৫২।
এই সিরিজ শুরুর আগে রোহিতের ছক্কা ছিল ৩৪৯। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক ছিলেন পাকিস্তানের আফ্রিদি। ১৯৯৬ থেকে ২০১৫ পর্যন্ত ৩৯৮ ম্যাচে তার ঝুলিতে ছিল ৩৫১ ছক্কা,
বিজ্ঞাপন
আজ প্রোটিয়াদের বিপক্ষে ১৫তম ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিনার প্রেনেলান সুব্রায়েনকে টানা দুই ছক্কায় প্রথমে আফ্রিদির রেকর্ড স্পর্শ করেন রোহিত। এরপর মার্কো হ্যানসেনকে ডিপ স্কয়ার লেগ দিয়ে টেনে মারেন আরেক ছক্কা। আর তাতেই এককভাবে উঠে যান এক নম্বরে। সব মিলিয়ে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন রোহিতের।
৩৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার রেকর্ড গড়েন নিজের ৬০তম ওয়ানডে হাফ–সেঞ্চুরি পূর্ণ করার কিছুক্ষণ পরই। শেষ পর্যন্ত ৫০ বলে ৫৭ রান করে ফেরেন তিনি—ইনিংসে পাঁচ চার ও তিন ছক্কা।
এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ভারতের সাবেক অধিনায়ক রোহিত এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলেন। ২০০৭ সালে অভিষেকের পর এটি ছিল তাঁর ২৭৮তম ওয়ানডে, আর মাত্র ২৭০তম ইনিংসেই তৈরি করলেন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার নতুন মাইলফলক।

