টি–টোয়েন্টি দলে ফেরার পর থেকেই পাকিস্তান সমর্থকদের একটাই অপেক্ষা- কবে আবার বাবর আজমের ব্যাটে দেখা যাবে সেই পুরোনো ছন্দ? জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অবশেষে সেই অপেক্ষারই জবাব দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। রোববার রাওয়ালপিন্ডিতে ৫২ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যাতে ছিল সাত বাউন্ডারি আর দুই ছক্কা। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই স্বাগতিকরা ২০ ওভারে ১৯৫/৫ রান তোলে।
এই ইনিংসেই বাবর ঝুলিতে ভরেছেন টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩৮তম ফিফটি যা এখন পর্যন্ত এ ফরম্যাটে যেকোনো ব্যাটারের যৌথ সর্বোচ্চ। ৩১ বছর বয়সী এই ব্যাটার এখন সমানভাবে আছেন ভারতের বিরাট কোহলির পাশে।
বিজ্ঞাপন
বাবরের ৩৮ ফিফটি এসেছে ১৩৪ ম্যাচ ও ১২৭ ইনিংসে। কোহলি একই সংখ্যক ফিফটি করেছেন ১২৫ ম্যাচ ও ১১৭ ইনিংসে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা, ১৫৯ ম্যাচে যার ফিফটি ৩২টি। গত বছর বার্বাডোসে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই কোহলি–রোহিত দু’জনই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাই খুব শিগগিরই সবচেয়ে বেশি ফিফটির মালিকানা বাবরের হবে এটা প্রায় নিশ্চিত।
এশিয়া কাপের পর বাবর ফেরেন পাকিস্তানের টি–টোয়েন্টি দলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে খেলেছিলেন তিনি যেখানে পাকিস্তান জয় পায় ২–১ ব্যবধানে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে নামার আগে চাপটা ছিল বেশ, শেষ পাঁচ টি–টোয়েন্টি ইনিংসে তার রান ছিল ০, ১১*, ৬৮, ০ ও ১৬।
এর মধ্যেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে হাঁকান দারুণ এক শতক। ৮৩ ইনিংস ও ৮০৭ দিনে এটাই ছিল তার প্রথম তিন অঙ্কের ইনিংস।

