অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত এক ইনিংস খেলে ভারতকে নারী বিশ্বকাপের ফাইনালে তুলেছেন জেমিমাহ রদ্রিগেজ। অপরাজিত ১২৭ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান ২৫ বছর বয়সী এই ব্যাটার।
ম্যাচ শেষে চোখ ভেজানো কণ্ঠে জেমিমাহ জানান, এই ইনিংস ছিল তাঁর মানসিক লড়াইয়ের ফল। তিনি বলেন, “আজ আমার পঞ্চাশ বা শতক কোনো ব্যাপার ছিল না, শুধু চাইছিলাম ভারত যেন জেতে। কয়েকটা সুযোগ হাতছাড়া করেছি, কিন্তু ঈশ্বরই আমাকে পুরো ইনিংসজুড়ে সাহায্য করেছেন।”
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন জেমিমাহ। সেই সময়টা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। তিনি বলেন, “আমি প্রতিদিন কেঁদেছি, উদ্বেগে ভুগেছি, নিজেকে সামলাতে কষ্ট হয়েছে। কিন্তু ঈশ্বর আর আশেপাশের মানুষগুলো আমাকে ভরসা দিয়েছে।”
সেমিফাইনালের ইনিংস খেলার সময় বাইবেলের একটি বাণী তাঁকে অনুপ্রাণিত করেছে। “শেষের দিকে শুধু ভাবছিলাম-‘স্থির থাকো, ঈশ্বর তোমাকে সাহায্য করবেন।’ শান্ত থাকার চেষ্টা করছিলাম। যখন দেখলাম ভারত জিতে গেছে, নিজেকে আর ধরে রাখতে পারিনি।”
জেমিমাহ জানান, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা ও রিচা ঘোষ পুরো সময় তাঁকে অনুপ্রাণিত করেছেন। দর্শকরাও তাঁর নাম ধরে চিৎকার করছিলেন, যা তাঁকে আরও উদ্দীপ্ত করেছে।
অবাক করার মতো বিষয় হলো, ম্যাচের মাত্র পাঁচ মিনিট আগে তাঁকে জানানো হয় যে তিনি তিন নম্বরে নামবেন। “এটা নিজেকে প্রমাণ করার নয়, বরং ভারতকে জেতানোর ব্যাপার ছিল,” বলেন জেমিমাহ।
ভারত এখন ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আগামী ২ নভেম্বর।




