সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও বিভ্রান্তি। ছবিতে দেখা যায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা বোরকা পরে মাঠে খেলছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এই গুজবটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অধীন ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। তারা জানায়, ২০২৫ সালের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর, যেখানে নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে পরাজিত হয় টাইগ্রেসরা। ঠিক এই ম্যাচের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-প্রস্তুত ছবি ভাইরাল হয়, যেখানে মিথ্যাভাবে দাবি করা হয় যে, বাংলাদেশের নারী ক্রিকেটাররা বোরকা পরে খেলেছেন।
বিজ্ঞাপন
বাংলাফ্যাক্ট টিম অনুসন্ধানে জানায়, ভাইরাল ছবিটি আসলে গুগলের তৈরি জেনারেটিভ এআই মডেল ‘জিমিনি’ ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবির নিচের ডান পাশে থাকা ‘Gemini’ লোগো এবং চিত্রের অস্বাভাবিক গঠনভঙ্গি থেকেই বিষয়টি নিশ্চিত হয়।
এছাড়া, আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যায় একই ম্যাচের একটি ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যায়- বাংলাদেশ দলের খেলোয়াড়রা তাদের স্বাভাবিক জার্সি পরেই মাঠে খেলছেন। বোরকার কোনো উপস্থিতি বা ইঙ্গিত সেখানে নেই।
বাংলাফ্যাক্ট জানায়, এটি শুধু একটি মিথ্যা ছবি নয়; বরং এটি একটি পরিকল্পিত অপচেষ্টা, যার মাধ্যমে সামাজিক বিভ্রান্তি ও বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞাপন
সংগঠনটি আরও জানায়, গত এক বছরে দেশি-বিদেশি কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া খবর ছড়ানোর প্রবণতা বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার, পার্বত্য ইস্যু কিংবা বিভিন্ন রাজনৈতিক আন্দোলনকে ঘিরেও এমন অপতৎপরতা দেখা গেছে।




