আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় আবারও মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। গতকাল মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে ২০০ রানের বড় ব্যবধানে হারে লাল-সবুজের দল। এ বছর এখন পর্যন্ত খেলা আটটি ওয়ানডের মধ্যে সাতবারই অলআউট হয়েছে বাংলাদেশ, যা নিয়ে বেশ চিন্তিত টিম ম্যানেজমেন্ট।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের অনেক ভুল ছিল। রান করতে পারিনি। আমাদের কাছে সুযোগ এসেছে, কিন্তু ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। দলের সবাই এটা মেনে নিয়েছে আমরা ভালো খেলিনি। তাঁদের খুব ভালো বোলিং আক্রমণ ছিল। কিন্তু আমাদের তা সামলানো উচিত ছিল।’
বিজ্ঞাপন
আফগানিস্তান সিরিজ শেষে চলতি মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন মিরাজ। তিনি বলেন,‘আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে চিন্তিত। যদি আমরা রান না করি, জিততে পারব না। আমাদের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে। কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে আমরা ভাবছি।’
অধিনায়ক হিসেবে দলের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি, ‘দলটা এখন খারাপ সময় পার করছে, এটা সত্যি। তবে দুই দিন পরিবারের সঙ্গে সময় কাটালে হয়তো আমরা আরও ফ্রেশভাবে ফিরতে পারব। ব্যাটারদের মানসিকভাবে শক্ত থাকতে হবে। কোচিং স্টাফরা আমাদের মানসিকভাবে অনেক সাপোর্ট দিচ্ছেন। অধিনায়ক হিসেবে আমাকেও সেটাই করতে হবে।’
দলকে নিয়ে মিরাজ বলেন, ‘আসলে আমরা এত খারাপ দলও না যতটা খারাপ খেলছি। এখানে যদি উন্নতি না করতে পারি আরও কঠিন হবে। ভুলগুলো যদি বারবার রিপিট করি তাহলে আরও কঠিন হবে আমাদের জন্য।’

