শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

বলের গতি বাড়াতে নিজের প্রিয় তিন খাবার খাওয়া ছেড়েছেন বুমরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

বলের গতি বাড়াতে নিজের প্রিয় তিন খাবার খাওয়া ছেড়েছেন বুমরা

ক্রিকেট দুনিয়ার সেরা পেসারদের তালিকায় সবার উপরে জশপ্রীত বুমরা। তিনি যখন প্রথম ভারতীয় ক্রিকেটে আবির্ভূত হন, তখন তার অদ্ভুত বোলিং অ্যাকশনকে সবাই এক অনন্য সম্পদ হিসেবে দেখেছিল। বল ছাড়ার সময় তার হাতে যে অসম্ভব হাইপারএক্সটেনশন তৈরি হয় তা ব্যাটারদের বিপাকে ফেলে। বোলিংয়ে লেইট সুইং এনে দেয় তাকে। তবে সাবেক ভারতীয় বোলিং কোচ ভারত অরুণ তখনই বুঝেছিলেন যে এই অ্যাকশনই বুমরার শরীরে বাড়তি চাপ সৃষ্টি করছে। সেখান থেকেই শুরু এক নতুন পরিকল্পনার।

ভারত অরুণ টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “বিরাট কোহলির ফিটনেস কালচারের কথা সবাই জানে। বুমরাও কম না। ২০১৩ সালে বুমরা যখন অনূর্ধ্ব-১৯ ক্যাম্পের জন্য এনসিএ-তে এসেছিল, তখন সে নির্বাচিত হতে পারেনি। কিন্তু ৩০ জনের ক্যাম্পে সে ছিল।”


বিজ্ঞাপন


তিনি জানান, বুমরার অ্যাকশন তখন বদলানোর চেষ্টা করা হয়েছিল। “আমরাও চেয়েছিলাম ওর অ্যাকশনটা একটু পরিবর্তন করতে। রিমডেল করেছিলাম ঠিকই, কিন্তু তখন বলের গতি কমে গিয়েছিল। অ্যাকশন সুন্দর হলেও যদি বল কার্যকর না হয়, তাহলে লাভ কী?”

“সে বেশ জোরে বল করতে পারত। আমরা তখন ফিজিও এবং স্ট্রেন্থ-কন্ডিশনিং কোচের সঙ্গে আলোচনা করলাম। বললাম, ওর অ্যাকশন আমরা ছুঁতে চাই না। কারণ এটা একদম ইউনিক এবং গতি তৈরি করে। তবে শরীরের ওপর চাপ পড়ে,” যোগ করেন ভারত অরুণ। এই কারণেই বুমরার জন্য তৈরি হয় আলাদা ফিটনেস প্ল্যান।

“আমরা ওকে ডেকে বললাম, ‘দ্রুত গতির বোলিংয়ের চাপ সামলাতে হলে তোমাকে ষাঁড়ের মতো শক্ত হতে হবে।’ এর মানে হলো ডায়েট, ব্যায়াম, আত্মত্যাগ। এবং সত্যি বলতে, বুমরা সঙ্গে সঙ্গে বদলে গেল। সে ভালো খাবার খেতে শুরু করল, জিমে সময় দিতে লাগল। কোহলির মতোই ডেডিকেটেড ছিল। আগে বুমরার প্রিয় ছিল বার্গার, পিজ্জা আর মিল্কশেক। একদিনেই সব ছেড়ে দিল। পাঞ্জাবি ছেলে হলেও বড় হয়েছে গুজরাটে। কিন্তু বোলিংয়ের প্রতি ভালোবাসা খাবারের চেয়ে বড় হয়ে দাঁড়াল,” বলেন অরুণ।

এভাবে বোলিং অ্যাকশন না বদলে, বরং শরীরিক শক্তি গড়ে তোলার মাধ্যমে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যেভাবে বুমরাকে তৈরি করেছিল, সেটাই আজকের এই দুর্দান্ত বোলারের ভিত তৈরি করেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর