পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে, আগস্টের শেষ দিকে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হবে। সিরিজের সূচি ইতোমধ্যে প্রকাশ করা হলেও এখনও দল ঘোষণা করা হয়নি। ক্রিকেট পাকিস্তানের সূত্রের বরাতে জানা গেছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে দল ঘোষণা করা হতে পারে।
ক্রিকেট পাকিস্তান আরও জানায়, ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণকারী দলটি পরবর্তী এশিয়া কাপের জন্যও যাবে। বিশেষ খবর হচ্ছে, সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম ফিরতে পারেন দলের অন্তর্ভুক্তিতে। তবে তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে হবে, তা ছাড়া তার এ সিরিজ ও এশিয়া কাপের দলভুক্তি নিশ্চিত নয়।
বিজ্ঞাপন
বাবর সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে দেখা করেছেন, যেখানে মোহসিন নকভি বাবর, মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে নিয়েও আলোচনা করেন।
ত্রিদেশীয় সিরিজ ২৯ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সিরিজের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষ হওয়ার মাত্র দু’দিন পর ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতেই শুরু হবে এশিয়া কাপ।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
২৯ আগস্ট : পাকিস্তান-আফগানিস্তান
৩০ আগস্ট : পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত
১ সেপ্টেম্বর : আফগানিস্তান-আরব আমিরাত
২ সেপ্টেম্বর : পাকিস্তান-আফগানিস্তান
৪ সেপ্টেম্বর : পাকিস্তান-আরব আমিরাত
৫ সেপ্টেম্বর : আফগানিস্তান-আরব আমিরাত
৭ সেপ্টেম্বর : ফাইনাল




