বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে ‘শেষ’ ম্যাচটা খেলতে পারবেন তো মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে ‘শেষ’ ম্যাচটা খেলতে পারবেন তো মেসি

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে মাত্র ১২ মিনিট খেলেই চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। এরপর থেকেই ফুটবলপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, এই চোট কতটা গুরুতর? এবং তিনি কবে ফিরবেন মাঠে? প্রথমদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম আশঙ্কা করেছিল, মেসি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন এবং লিগস কাপের বাকি ম্যাচগুলোতে হয়তো আর খেলা হবে না তার। 

তবে ইন্টার মিয়ামি এক বিবৃতিতে জানিয়েছে, মেসির ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট রয়েছে। অর্থাৎ বড় ধরণের কোনো সমস্যা হয়নি- যদিও তিনি কবে ফিরবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মেসির চিকিৎসা কিভাবে অগ্রসর হয় এবং তার শরীর কত দ্রুত সাড়া দেয়, তা দেখেই মাঠে ফেরার সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ইন্টার মিয়ামি। তবে কোনো নির্দিষ্ট তারিখ এখনো জানায়নি ক্লাবটি।


বিজ্ঞাপন


এই চোটের কারণে শুধু লিগস কাপ নয়, আরও বড় এক চ্যালেঞ্জ নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে মেসি খেলতে পারবেন কি না। আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে দ্বিতীয় ম্যাচ। 

এই বাছাইপর্বের ম্যাচে না খেলতে পারলে, ঘরের মাঠে জাতীয় দলের হয়ে মেসির ‘শেষ’ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়তো আর সম্ভব হবে না। কারণ, ধারণা করা হচ্ছে ৩৮ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। তাই ৫ সেপ্টেম্বরের ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার মাটিতে ভক্তদের সামনে তার শেষ প্রতিযোগিতামূলক উপস্থিতি।

বিশ্বকাপে আর্জেন্টিনা ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে। ফলে দলের ওপর তেমন চাপ না থাকলেও, মেসির জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে মাঠে নামতে না পারলে, ভক্তদের সামনে জাতীয় দলের জার্সিতে হয়তো আর দেখা যাবে না তাকে। তবে এখনো সময় আছে। মিয়ামি আগামী ৭ ও ১০ আগস্ট দুটি ম্যাচ খেলবে। 

এরপর প্রায় এক সপ্তাহ বিশ্রাম পাবে দলটি। এই সময়ের মধ্যে যদি মেসি পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তাহলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল থাকবে। সবকিছু এখন নির্ভর করছে মেসির সেরে ওঠার গতির ওপর। কারণ শুধু আর্জেন্টিনার নয়, গোটা ফুটবল দুনিয়ার চোখ এখন মেসির দিকে—ঘরের মাঠে জাতীয় দলের হয়ে আরেকবার কিংবদন্তিকে দেখার আশায়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর