শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

‘ভারতকে কখনও হালকাভাবে নেবেন না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৯:৪৫ এএম

শেয়ার করুন:

‘ভারতকে কখনও হালকাভাবে নেবেন না’

বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ভারতকে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে (শুরু ২০ জুন) শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় স্টোকস ভারতের ব্যাটিং গভীরতার প্রশংসা করেছেন এবং কোহলি-রোহিতের অনুপস্থিতিকে ভারতীয় ক্রিকেটের এক যুগের অবসান বলে অভিহিত করেছেন।

সম্প্রতি হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে যাওয়া ৩৩ বছর বয়সি এই অলরাউন্ডার বলেন, “ভারতের ব্যাপারে একটা জিনিস বলতেই হয় — তাদের ব্যাটসম্যানদের এক বিশাল ভাণ্ডার আছে। এটা সত্যিই অবিশ্বাস্য। আইপিএলে এমন ব্যাটসম্যানদের দেখেছি, যাদের সামর্থ্য আসলে ভাষায় প্রকাশ করা কঠিন।”


বিজ্ঞাপন


স্টোকস আরও বলেন, “আপনি কখনোই কোনও ভারতীয় দলকে হালকাভাবে নিতে পারবেন না, এমনকি যখন তাদের দুইজন সেরা ব্যাটসম্যান দলে নেই। আমাদের লক্ষ্য থাকবে টেস্ট ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া।”

বিরাট কোহলির অবসরের প্রসঙ্গে স্টোকস বলেন, “ভারত যা মিস করবে, তা হল তার লড়াইয়ের স্পিরিট, প্রতিযোগিতার মনোভাব, জয়ের ইচ্ছা। তার ১৮ নম্বর জার্সিটা যেন এক ঐতিহ্যে পরিণত হয়েছে। ওর সঙ্গে মাঠে আমাদের এক ধরনের যুদ্ধ চলত, তাই ওর বিরুদ্ধে না খেলতে পারাটা হতাশার।”

কোহলির ক্রিকেটীয় অবদানের ভূয়সী প্রশংসা করে ইংল্যান্ড অধিনায়ক বলেন, “সে এক ক্লাস প্লেয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধেও সে দারুণ খেলেছে। আমি তাকে সবসময় মনে রাখব, বিশেষ করে ওর অনবদ্য কাভার ড্রাইভের জন্য।”

আসন্ন সিরিজ প্রসঙ্গে স্টোকস বলেন, “এটা হতে যাচ্ছে এক দীর্ঘ ও কঠিন গ্রীষ্ম। পাঁচটি টেস্ট সবসময়ই বড় চ্যালেঞ্জ, বিশেষ করে ভারতের মতো দলের বিরুদ্ধে। আর আগামীকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট দিয়েই শুরু হচ্ছে সেই প্রস্তুতি।”


বিজ্ঞাপন


অস্ত্রোপচার পরবর্তী ফেরা নিয়ে তিনি বলেন, “মাঠে ফিরতে পারা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। শেষ ম্যাচ খেলেছিলাম ডিসেম্বর মাসে। এখান পর্যন্ত আসার জন্য কঠোর পরিশ্রম করেছি।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর