বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

রিয়াদের বিদায়ে সতীর্থদের প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১১:০১ এএম

শেয়ার করুন:

রেকর্ডই কথা বলে, জাতি আপনার কাছে ঋণী– রিয়াদের বিদায়ে সাকিব 

টেস্ট ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় বকছেন মাহমুদউল্লাহ রিয়া। খেলে গেছেন ওয়ানডে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলতে দেখা গেছে। কোটি কোটি ভক্তদের হৃদয়ে 'সাইলেন্ট কিলার' হিসেবে জায়গা করে নেওয়া ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার নিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে চিরদিনের জন্য জাতীয় দলের ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। বুধবার রাতে ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন বাংলাদেশের অলরাউন্ডার।

তার বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দীর্ঘদিনের সতীর্থরাও। উইকেটরক্ষক-ব্যাটারের বিদায়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়সহ এক সময়ের সতীর্থরা।

বাংলাদেশ ক্রিকেটকে মাহমুদউল্লাহ বিদায় বলার পর সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার আত্মনিবেদন এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী।আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে ভালো রাখুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি—বাংলাদেশের জার্সিতে ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাহমুদউল্লাহ করেছেন ১১০৪৭ রান। গড় ৩১.৮৩। ৯ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৬ ফিফটি। যার মধ্যে টেস্টে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন পাঁচবার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫০ ম্যাচে তাঁর রান ২৯১৪। 

রিয়াদের বিদায়বেলায় তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক বর্ণিল ক্যারিয়ারের জন্য ধন্যবাদ রিয়াদ ভাই। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম এক স্তম্ভ ছিলেন এবং মাঠ ও মাঠের বাইরে অনেকের অনুপ্রেরণা ছিলেন। ড্রেসিংরুমে আমরা যে মুহূর্ত শেয়ার করেছি, সেগুলো আজীবন মনে রাখার মতো। ক্রিকেটে আপনার অবদানের জন্য ধন্যবাদ ও আসন্ন দিনগুলোর জন্য শুভকামনা।’

২০২০ সালের পর মাশরাফি আর বাংলাদেশের জার্সিতে খেলেননি। তাঁর (মাশরাফি) নেতৃত্বে মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে ১১০ ম্যাচ খেলেছেন। মাহমুদউল্লাহকে অভিনন্দন জানিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে মাশরাফি লেখেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়!।’

ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির চারটিই মাহমুদউল্লাহ করেছেন আইসিসি ইভেন্টে। যার দুইটি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে এবং একটি করে সেঞ্চুরি করেছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। মাহমুদউল্লাহর এমন অর্জন নিয়ে মাশরাফি লিখেছেন, ‘অ্যাডিলেড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’

মুশফিক ৫ মার্চ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গুনে গুনে এক সপ্তাহ পর মাহমুদউল্লাহ গত রাতে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলেছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে মুশফিক লিখেছেন, ‘বছরের পর বছর মাঠে আপনার সঙ্গে খেলা সত্যিই অনেক সম্মানের। আপনার দিকনির্দেশনার জন্য ধন্যবাদ। মনে রাখার মতো অনেক স্মৃতিই আছে আমাদের। দেশের জন্য আপনি যা অর্জন করেছেন, তাতে আমি অনেক গর্বিত। মাশাআল্লাহ আপনার অবসর জীবন উপভোগ করেন রিয়াদ ভাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় বলেন, 'ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত‍্যেকটা ব্রিলিয়ান্ট মুহুর্তের জন‍্য ধন‍্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো “পেইন-কিলার”।'

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর